
ব্রিটেনের নির্বাচনে জয়জয়কার বাংলাদেশি বংশোদ্ভূত ৫ নেত্রীর
একে বলাই যায় ব্রিটেনের নির্বাচনে বাঙালি ম্যাজিক। দল ‘লেবার পার্টি’ পরাজিত কনজারভেটিভদের কাছে। কিন্তু, তার মধ্যেও জয়ী হয়েছেন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত ৫ নেত্রী। রুশনারা আলি, রূপা হক, টিউলিপ সিদ্দিক, লিসা নন্দী আর আফসানা বেগম– এই পাঁচ বাঙালি কন্যে এবার গলা ফাটাবেন ‘হাউজ অফ কমন্সে’-ও।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এবং বো আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন রুশানারা আলি। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মহিলা হিসেবে নির্বাচনে জিতেছিলেন রুশনারাই। ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন থেকে ফের জয়ী হয়েছেন রূপা হক। আদি বাড়ি পাবনায়, সমাজবিজ্ঞানের অধ্যাপিকা রূপা এর আগে আন্তর্জাতিক উন্নয়ন এবং শিক্ষা দপ্তরের ছায়ামন্ত্রীও হয়েছিলেন। অপরদিকে, টিউলিপ সিদ্দিক সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি। ২০১৫ সাল থেকেই লন্ডনের হ্যামস্টেড এবং কিলওয়ার্ন আসনটি তাঁর দখলে। এবারেও সিদ্দিক জিতেছেন ১৪, ১৮৮ ভোটে। এই আসনটি ইহুদি-অধ্যুষিত। লেবার পার্টির ‘ইহুদি-বিদ্বেষ’ বারবার উঠে এসেছিল কনজারিভেটিভ ও লেবার ডেমোক্র্যাটদের প্রচারে। তারপরেও বিপুল জয় পেয়েছেন লেবার পার্টির টিউলিপ।
পপলার ও লাইমহাউজ আসন থেকে জয়ী হয়েছেন আফসানা বেগমও। এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন আফসানা। ম্যাঞ্চেস্টারের উইগান থেকে ২১, ০৪২ ভোটে ফের জয়ী হয়েছেন বাঙালি বংশোদ্ভূত লিসা নন্দীও। সামগ্রিকভাবে ব্রিটেনের নির্বাচনে আগেরবারের চাইতেও খারাপ ফল করেছে লেবার পার্টি। কিন্তু, তারই মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম এই পাঁচ বাঙালি কন্যে।
