
দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এগিয়ে রয়েছে যাদবপুরই
পথ দেখাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিশ্বের প্রথম ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে ছিল যাদবপুরের নাম। এ বছরও তার অন্যথা হল না। বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীদের ২৯ জনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান করে নিয়েছে তারা।
বৃহস্পতিবার যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস এই খবর দিয়ে পড়ুয়া, অধ্যাপক-সহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে অভিনন্দন জানান। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া বিবৃতিতে তিনি জানিয়েছেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই জয় সম্মানীয়, অথচ আমাদের বিশ্ববিদ্যালয় সমুচিত কেন্দ্রীয় অনুদান পায় না। আমাদের গবেষকরা কীভাবে সীমিত আর্থিক ব্যয়ে তাঁদের গবেষণা চালিয়ে যান, তা কেন্দ্রের ভেবে দেখা উচিত। রাজ্যের বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের জন্য পর্যাপ্ত অনুদান ধার্য করা উচিত।”
এ বার যাদবপুরের পরে রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হায়দ্রাবাদ, দিল্লি বিশ্ববিদ্যালয়। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবার প্রথমে রয়েছে আইআইএস বেঙ্গালুরু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কৃতিত্ব বাংলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও অনুপ্রাণিত করবে।
