
জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’ শ্রদ্ধা জানাবে আক্রান্তদের
প্রবল পৌরুষের হুংকার যারা অগ্রাহ্য করতে চেয়েছিলেন কিংবা সোচ্চার কণ্ঠে জানান দিয়েছিলেন পুরুষতান্ত্রিক আবদার মেটানো তাদের পক্ষে সম্ভব নয়, এই সমাজ সেইসব মেয়েদের গায়ে আগুন পোড়া বিষ ঢেলে দেয়। অ্যাসিড আক্রান্ত সেইসব ‘ভিক্টিম’দের প্রতি এবার শ্রদ্ধা জানাচ্ছে বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। আর এর সঙ্গে সঙ্গেই জানা গেল, টেলিভিশনের এই প্রথম কোনো সঙ্গীতভিত্তিক অনুষ্ঠানে ওরিজিনাল বা মৌলিক গান রচনা করে কম্পোজ করা হল। গান লিখেছেন শ্রীজাত, সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র এবং গান গেয়েছেন নোবেল।

শ্রীজাত’র গানের অংশে লেখা হয়েছে, “যতই পোড়াও আমি আগুনপাখি, জবাব দেবেই এ যন্ত্রণার” কিংবা “যারা করেছিল ভুল আমি নেব না মাশুল / ভুলে যাওয়া যায়, যদি চাওয়া যায়, যাওয়া যায়…” অথবা “‘পড়ে থাকুক পিছুটান, বাঁধো জীবনেরই গান, দেখো কে শোনায়, গান কে শোনায়, কে শোনায়…”। এইভাবে আক্রান্তদের জীবনের ভাষা হয়ে উঠছে এই গান। আক্রান্তদের অনেকেই এখন শক্ত পায়ে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন। তাদের জীবন নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র-ধারাবাহিক-থিয়েটার। প্রচুর এনজিও এগিয়ে আসছে। ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা করার সিদ্ধান্ত নিচ্ছেন। গান রচনা এবং জনপ্রিয় মঞ্চে সেই গান গেয়ে তাদের বার্তা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, অভিনব ব্যাপার না হলেও, গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো বটেই। অ্যাসিড আক্রান্তদের সহ্যশক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইকে কুর্নিশ করতে ‘সা রে গা মা পা’-র এমন সংবেদনশীল উদ্যোগ সম্প্রচারিত হতে চলেছে।
শীজাত মনে করেন, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো লড়াই থাকে। সেই অ্যাসিড আক্রান্ত মহিলাদের এই লড়াই কল্পনাতীত। কারণ সেই জীবন আমাদের নয়, সেই লড়াইয়ে পরোক্ষভাবে যদি পাশে দাঁড়াই যে যার নিজের মতো তাহলে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র জীবনকে স্বার্থক মনে করব। শ্রীজাতর এই গানে সুর দিয়েছেন শান্তনু মৈত্র। তিনি মনে করেন, প্রত্যেক ভিক্টিমের যে নিজস্ব একটা যন্ত্রণার ভাষা থাকে, তাই-ই গানে আনার চেষ্টা করেছেন।

বাংলাদেশের নবীন প্রতিযোগী নোবেল ইতিমধ্যেই প্রবল জনপ্রিয়তা লাভ করেছেন। গোপালগঞ্জের এই ছেলেটি সঙ্গীত সাধনার নিজস্ব নিয়মকানুন পদ্ধতিকে বিশেষ আমল না দিয়ে নিজের মতো সঙ্গীত চর্চায় মত্ত থেকেছেন। জেমস কিংবা আইয়ুব বাচ্চুর গান পশ্চিমবঙ্গের শ্রোতারা নতুনভাবে ফিরে পেল নোবেলের গায়কীর মাধ্যমে। শুধুমাত্র নোবেলের জন্য ভারত ছাড়িয়ে বাংলাদেশেও এই রিয়ালিটি শো-টি জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। তাঁর কণ্ঠে আক্রান্তদের নিয়ে এই গান নতুন মাত্রা পাবে বৈকি! মঞ্চে এদিন উপস্থিত থাকবেন বাংলার এমন অনেক মহিলা, যারা অ্যাসিড হামলার শিকার। খুব সম্প্রতি সম্প্রচারিত হবে এই পর্ব।
