সিনে-পর্দায় এবার ঋতুপর্ণ-প্রসেনজিৎ-কৌশিক ম্যাজিক

২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘জ্যেষ্ঠপুত্র’

সিনেপ্রেমীর প্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণ আবার ফিরে আসছেন। অবিশ্বাস্য? না, এমন ঘটনাকেই প্রত্যক্ষ আর পরোক্ষভাবে সত্যি করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। অনেকেই বলেন শিল্পীর কখনও মৃত্যু হয় না। শিল্পী বেঁচে থাকেন তাঁর নির্মিত শিল্পকর্মের মাধ্যমে। ঠিক সেভাবেই ঋতুপর্ণ ঘোষের ভাবনা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – ঋত্বিক চক্রবর্তীর অভিনয় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নববর্ষে টলি পাড়ায় জন্ম নিচ্ছে জ্যেষ্ঠপুত্র। জ্যেষ্ঠপুত্র মানে বড়ো ছেলে আর সেই ছেলে যখন জনসাধারণের কাছে হয়ে যান সুপারস্টার? তখন বড়োছেলে এবং মহাতারকা এই দুই সত্ত্বাকে কীভাবে বয়ে নিয়ে চলেন সেই ব্যক্তি! এই গল্প নিয়েই তৈরি হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি জ্যেষ্ঠপুত্র। ঋতুপর্ণ ঘোষের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার গুরুদায়িত্ব নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে এই ছবি দর্শকদের কাছে একটি নতুন কাজ হলেও, পরিচালকের মতে এটি কোনো ছবি নয়, গুরুদক্ষিণা। ইতিমধ্যেই ছবির টিজার এবং পোস্টার প্রকাশিত হয়েছে। এই ছবিতে প্রসেনজিৎ, ঋত্বিক ছাড়াও কাজ করছেন সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী এবং দামিনী বসু। পোস্টার প্রকাশের পরেই টলি পাড়ায় এসে পড়েছে নতুন ঋতু। যে ঋতু ফিরিয়ে আনছে বাঙালির নস্টালজিয়া, বাঙালির আবেগ আর সিনেপ্রেমী বাঙালির সবচেয়ে পছন্দের মানুষ ঋতুপর্ণ ঘোষকে।

এখনও শহর এবং শহরতলির প্রায় সব সিনেমাহলই মজে আছে নগরকীর্তনে। নগরকীর্তনের এই আকাশছোঁয়া সাফল্যের মধ্যেই প্রকাশ্যে এল কৌশিকের পরবর্তী ছবির টিজার এবং পোস্টার। এই প্রথমবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সৌজন্যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। গত নভেম্বরেই প্রসেনজিতের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলনে এই ছবির ঘোষণা করেছিলেন কৌশিক-প্রসেনজিৎ। ছবির অনুপ্রেরণা ঋতুপর্ণ ঘোষ। গল্পের খসড়া তাঁরই। ‘জ্যেষ্ঠপুত্র' সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে নিসপাল সিং রানের সুরিন্দর ফিল্মস ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ। সঙ্গীত পরিচালনা করছেন প্রবুদ্ধ ব্যানার্জী। ধ্বনি মিশ্রনের দায়িত্বে অনিন্দিত রায় এবং অদীপ সিং মানকি। সম্পাদনা করছেন শুভজিৎ সিংহ। চিত্রগ্রহণ শীর্ষ রায়। শিল্প নির্দেশনা তন্ময় চক্রবর্তীর। 

২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে জ্যেষ্ঠপুত্র। এই প্রসঙ্গে পরিচালক ইতিমধ্যেই জানিয়েছেন, “তখন ঋতুদা’র পিতৃবিয়োগ হয়েছিল, সেখানেই ব্যক্তিগত জায়গা থেকে দেখেছিলাম অনেক বন্ধুবান্ধব এসেছিলেন, প্রচুর ভিড়। দেখেছিলাম ঋতুদা ‘সেলেব্রিটি জ্যেষ্ঠপুত্র’, সেখানে আরেকজন শিল্পীকেও দেখেছিলাম দূরে এক গাছের তলায় চিন্টুদা (ঋতুপর্ণ ঘোষের ভাই) শোকে মূহ্যমান হয়ে বসেছিলেন। এই যে বৈপরীত্য যেটা আমরা একজন স্টারের জীবনে চাপিয়ে দিই বা চলে আসে স্বাভাবিকভাবে। এটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়।” এবার ঋতুপর্ণ-প্রসেনজিৎ-কৌশিকের ম্যাজিক দেখার অপেক্ষায় দিন গুনতে হবে আর কয়েকটা দিন।

Developed by DXDasia