
আগামী ৩০ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর চলবে এই প্রশিক্ষণ শিবির
দুর্গাপুজোর আর মাত্র পঞ্চাশ দিনের মতো বাকি। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ক্লাবগুলির পোস্টারের ফার্স্টলুক। দুর্গাপুজো চলুক পুজোর মতোই। কিন্তু পানীয় জল নষ্ট করা যাবে না একেবারেই। কলকাতার পুরোহিত প্রশিক্ষণ শিবিরের মূল বার্তা হতে চলেছে এটাই। পুজোর সমস্ত রীতি মানতে গিয়ে প্রচুর পানীয় জল নষ্ট হয়। তাই মানিকতলায় অগাস্ট মাসে অনুষ্ঠিত হবে পুরোহিত প্রশিক্ষণ শিবির। জল অপচয় না করে দুর্গাপুজো কীভাবে করতে হবে, তার পাঠ শেখানো হবে পুরোহিতদের। তাছাড়া শুধুমাত্র পুরোহিতদেরই নয়, পুজোর সঙ্গে জড়িত প্রত্যেককেই এই সচেতনতার বার্তা দেওয়া হবে।
আগামী ৩০ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর— এই তিন দিন ধরে চলবে ওই প্রশিক্ষণ শিবির। গত ১৮ বছর ধরে ওই শিবিরের আয়োজন হয়ে আসছে। দুর্গাপুজোর নানা খুঁটিনাটি ও নিয়মকানুন শেখানো হয় ওই শিবিরে। প্রসঙ্গত, পানীয় জল অপচয় এবং জলকে কীভাবে বিশুদ্ধ রাখা যায়, এই থিম নিয়েই এবার কাজ করছে উত্তর কলকাতার কাশী বোস লেন।
