বাংলায় শুরু হতে চলেছে ‘হেরিটেজ ওয়াক ক্যালকাটা’

স্থায়ী চাকরি ছেড়ে পুরাতত্ত্বিক তথাগত নিয়োগী ফিরছেন নিজের শহরে

দিন কয়েক আগেই মাকে বলি, চাকরি ছাড়ছি। কেরলের পুরাতত্ত্ব বিভাগের স্থায়ী সদস্য পদের চাকরি ছেড়ে আমি আমার  নিজের শহর কলকাতায় ফিরতে চাই। এক দিকে মাটির টান। অন্য দিকে বাংলার মাঠে ঘাটে প্রান্তরে জেলায় জেলায় ছড়িয়ে থাকা পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির সংরক্ষণ। মানুষকে অবগত করা এবং নানারকম ওয়ার্কশপের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এই সমস্ত কাজ করার ইচ্ছেতেই একটি উদ্যোগ গড়ে তোলার হল- ‘হেরিটেজ ওয়াক ক্যালকাটা’। হেরিটেজ কে খুঁজে বার করা, সেইগুলি সম্পর্কে মানুষকে জানানো। স্বাভাবিক কারণেই মা বুঝতে পারলেন না। বরং স্থায়ী চাকরি হারানো ও সংসারে অর্থনীতির কথা চিন্তা করে কিছুটা ভয়ও পেলেন। সেটা অবশ্যই স্বাভাবিক। আমি বাংলার একজন মধ্যবিত্ত ঘরের ছেলে যার পড়াশুনা ও বেড়ে ওঠার পিছনে ছিল অনেক কষ্ট ও লড়াই। ইংল্যান্ড থেকে মাস্টার্স ও পিএইচডি করে ভারতে ফিরেছিলাম নিজের দেশে কাজ করার তাগিদে।

বহুদিনের ইচ্ছে ছিল আমি এমন একধরনের কাজ করব যার মধ্যে মেধা ও প্যাশানের এক যুগলবন্দী থাকবে। ইংল্যান্ডে পড়াশুনা করার সময় শিখেছিলাম কিভাবে মানুষের মধ্যে তাঁর দেশের পুরাতত্ত্ব সম্পর্কে একটা ধারনা গঠন করা যেতে পারে। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা পুরাতাত্ত্বিক উপাদানগুলির সাথে পরিচয় করানোই ছিল আমার কমিউনিটি ফোকাস হেরিটেজ ম্যানেজমেন্ট প্রজেক্টের উদ্দেশ্য। তাই আমার পছন্দ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা এবং তাদের মধ্যে নিজেদের দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে একটা ধারনা গড়ে তোলা। অবশ্যই সেগুলিকে সংরক্ষণ করার প্রক্রিয়ায় নিযুক্ত হওয়া।

২০১০ সালে ইংল্যান্ড থেকে মাস্টার্স শেষ করে কলকাতায় ফিরে আসি। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন, ইনটেক (INTACH) কলকাতার সাথে একটি প্রজেক্টে যুক্ত হই। প্রজেক্ট চলাকালীন ন’মাসে আমরা প্রায় ৭০০টি হেরিটেজ সাইট সম্পর্কে তথ্য যোগার করেছিলাম। সেই সময় থেকেই মনে হয়েছিল বাংলার এই ঐতিহ্য ও সংস্কৃতি এই রাজ্যে তো বটেই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া আবশ্যক।

কলকাতায় শুরু করতে যাচ্ছি হেরিটেজ ওয়াক। আমি মনেকরি কলকাতার এই হেরিটেজ ওয়াক একটি জরুরি প্লাটফর্ম হিসাবে কাজ করবে। ছোটদের জন্য নানারকমের ওয়ার্কশপ আয়োজন করা হবে ঐতিহ্যকে চিনতে শিখানো হবে।

এটা আমার নেহাতি ঘরে ফেরা নয়। রাজ্যের মানুষকে তাদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করানোর একটা ইতিবাচক ইচ্ছেও বলা যেতে পারে। কলকাতা দিয়ে শুরু। সময়কালে বাংলার আনাচে-কানাচাতেও পা ফেলার ইচ্ছে এবং তাগিদ থেকেও একধরনের ঘরে ফেরার টান।

Developed by DXDasia