পাথরা : পশ্চিম মেদিনীপুরের মন্দির-গ্রাম

পাশেই রয়েছে কংসাবতী নদী

গ্রামের যেদিকেই চোখ যাবে, দেখবেন একের পর এক মন্দির। সবকটিই বেশ পুরোনো। নান্দনিক সৌন্দর্যে অপরূপ। টেরাকোটায় অলংকৃত। অনেকগুলি মন্দির চলে গিয়েছে কংসাবতী নদীর করাল গ্রাসে। এখনও টিকে আছে ৩৪টি। নবরত্ন মন্দির, কাছারি মহল, রাসমঞ্চ, কালাচাঁদের দালান, দুর্গেশ্বর মন্দির, পঞ্চ শিব মন্দির দেখে চোখ জুড়িয়ে যায়।

পশ্চিম মেদিনীপুরের এই গ্রামের নাম পাথরা। মেদিনীপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে। এখানে কয়েকটি মন্দির ২০০ বছরেরও বেশি পুরোনো। পাশেই নদী থাকায় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশিরভাগ মন্দির গড়ে তুলেছে ঘোষাল (পরবর্তীকালে মজুমদার) এবং বন্দ্যোপাধ্যায় পরিবার। তবে এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করতে হয় বিদ্যানন্দ ঘোষালের নাম। ১৮ শতকের শুরু থেকে মন্দির নির্মাণ শুরু হয়। চালু থাকে ১৯ শতকের আরম্ভ পর্যন্ত।

মন্দিরগুলি সংরক্ষণের দায়িত্বে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এখনও অবধি ২০টি মন্দিরের সংস্কার করা সম্ভব হয়েছে। স্থানীয় আগ্রহী ব্যক্তিরা গড়ে তুলেছেন ‘পাথরা আর্কিওলজিক্যাল প্রিজারভেশন কমিটি’ নামের একটি সংগঠন। মন্দির রক্ষণাবেক্ষণে তাঁরাও বেশ উদ্যোগী। বাংলার প্রায় লুপ্ত হতে চলা নিজস্ব স্থাপত্যশৈলী এভাবেই টিকে আছে পাথরায়।

২৫০ বছরের পুরোনো ৪০ ফুট উঁচু নবরত্ন মন্দির চত্বরে দেখতে পাবেন একটি ছোটো আটচালা মন্দির। তিনটি আটচালা আর একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে কাছেই। এগুলির পিছনে দুর্গাদালান। সামান্য হাঁটলে দেখবেন আরও কয়েকটি পঞ্চরত্ন মন্দির। ৪০ ফুট উঁচু শীতলা মন্দিরটি পরিচিত বুড়িমার থান নামে। এছাড়া দেখতে পারেন সর্বমঙ্গলা, কাঁলাচাঁদ, দশমহাবিদ্যা এবং হংস মন্দির। ১৮৩২ সালে গড়ে ওঠা রাসমঞ্চে রয়েছে ৯টি ছোটো ছোটো মিনার। 

বাংলার প্রাচীন ঐতিহ্য নিয়ে যাঁরা কৌতূহলী, অবশ্যই ঘুরে আসুন পাথরায়। কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেই বেড়িয়ে পড়ুন। কলকাতা থেকে সড়কপথে যেতে পারেন। সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় লাগবে না। ট্রেনে করেও পৌঁছনো যায়। কাছেই রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব মৃত্তিকা ট্যুরিজম প্রপার্টি। কোভিড স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হয় সেখানে। কয়েকদিন স্বচ্ছন্দে থাকতে পারবেন। বুকিং এবং অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন – 

West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com

Developed by DXDasia