
‘পথের পাঁচালী’ রঙিন হয়ে উঠল বাংলাদেশি ভিডিও এডিটর রাকিব রানার হাতে
নিশ্চিন্দপুরের অলি-গলি। মাঠের আল ঘেঁষে সূর্যকিরণের দিকে হেঁটে চলেছে অপু। বৃষ্টিতে একাকী ভেজার আনন্দ উপভোগ করছে চিরন্তন দুর্গা। এদিকে ইন্দির ঠাকরুন, সর্বজয়া, হরিহর গেয়ে উঠছেন বেঁচে থাকার গান। ১৯৫৫ সালের ২৬ অগাস্ট। মুক্তি পাচ্ছে ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও কালজয়ী চলচ্চিত্র 'পথের পাঁচালী'। পরিচালক সত্যজিৎ রায়। সাদা-কালো ফ্রেমের দুনিয়ায় বাঙালি ফিরে পেয়েছিল তাদের বাড়ির ছেলে-মেয়ে অপু আর দুর্গাকে। কিন্তু এই সাদা-কালো দুনিয়ার পিছনে কেমন ছিল আসল রঙের প্রলেপ? কেমন ছিল বৃষ্টিতে ভেজা দুর্গার শাড়ি? কেমন ছিল সর্বজয়ার চিন্তার রং? অপুর কাশবন আর রেললাইন দেখার যাত্রাপথই বা কেমন ছিল? অবশেষে পথের পাঁচালী রঙিন হয়ে উঠল বাংলাদেশি ভিডিও এডিটর রাকিব রানার হাতে।

একটি ছোটো ভিডিও ক্লিপিংস-এর সঙ্গে জুড়ে আছে মূল সিনেমায় ব্যবহৃত রবিশঙ্করের যান্ত্রিক অনুষঙ্গ। ইএসআরজিএএন, ডিওল্ডিফাই ইত্যাদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্যে দৃশ্যপটের পরিবর্তন ঘটিয়েছেন রাকিব। গত ফেব্রুয়ারি মাসে এক রাশিয়ান ইউটিউবার প্রথম যুগের ফরাসি চলচ্চিত্র 'দ্য অ্যারাইভাল অফ আ ট্রেন'-এর দৃশ্যপট রঙিন করে তোলেন। এখান থেকেই অনুপ্রেরণা পান রাকিব।
এই এক্সপেরিমেন্টকে যেমন স্বাগত জানিয়েছেন অসংখ্য নেটিজেন, তেমনই বিতর্কের ঝড়ও উপচে পড়েছে। অনেকেই আবার কপিরাইটের প্রসঙ্গ এনে বলেছেন, এমন কাজ অন্যায়। আবার কেউ প্রশংসা করে লিখেছেন, এ যেন মায়ার মতো। কী অদ্ভুত রং!

সে যাই হোক, সমস্ত বিতর্ক পার করে পথের পাঁচালীর এই রং যে বহু বহুদিন বাঙালির মনে থেকে যাবে, তা বলাই বাহুল্য। এর জন্য অবশ্যই কুর্নিশ জানানো যায় ত্রিশ বছর বয়সী রাকিব রানাকে।
ছবি সৌজন্যে- রাকিব রানা।
