পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৬তম প্রতিষ্ঠা দিবস

প্রতিবছরই ২৯ নভেম্বর রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়

৯ সেপ্টেম্বর পালিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৬তম প্রতিষ্ঠা দিবস। বিজ্ঞান নিয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছরই এই দিনে রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর এই বিশেষ দিনটি উদযাপন করতে এক বিশেষ অনুষ্ঠান হয়ে গেল কলকাতার স্কটিশ চার্চ কলেজে।

অধ্যাপক বিকাশ সিংহ এই মঞ্চ থেকেই এ বারের আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার তারিখ ঘোষণা করেন। ২০-৩০ জানুয়ারি হেদুয়া পার্কে এই মেলা হবে। মেলার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। সহযোগীতায় রয়েছেন অধ্যাপক শিবাজী রাহা, ডাঃ যোগীরাজ রায়, প্রাক্তন তারকা ফুটবলার সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, সঞ্জয় সেন প্রমুখ ব্যক্তিত্বরা।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গঠিত হয়েছিল ২৯ নভেম্বর, ১৯৮৬ সালে। যদিও স্বাধীনতার অনেক আগে, অখণ্ড বাংলায় এর বীজ বপন হয়েছিল। ৩০ এবং ৪০-এর দশক, ভারতের স্বাধীনতা সংগ্রামের মশাল জ্বলতে শুরু করেছে তখন। সেই সময় অর্থাৎ ঔপনিবেশিক সময়েও এদেশে বিজ্ঞান শিক্ষা শুরু হয়েছিল। সেই কারণে সেসময় বিজ্ঞান গবেষণার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশিষ্ট বিজ্ঞানীদের পেয়েছি আমরা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্র যেমন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, এশিয়াটিক সোসাইটি আমাদের দেশে জন্মে নিয়েছিল। জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, সিভি রমন, রামানুজন, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, কেএস কৃষ্ণান, এইচজে ভব প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে বেশ কয়েকজন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামে। বহু প্রাচীন কুসংস্কার, গোঁড়ামি, অস্পষ্টতার বিরুদ্ধে লড়াই করে, দেশের মানুষকে আধুনিক ও প্রগতিশীল চিন্তাধারায় আবদ্ধ করার জন্য স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে বিজ্ঞান একটা বড়ো ভূমিকা নিয়েছিল। এদেশে বিজ্ঞান আন্দোলনের একটা নতুন ধারা শুরু হয়েছিল বলা যেতে পারে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বর্তমানে আমাদের দেশের বৃহত্তম পিপলস্‌ সায়েন্স মুভমেন্ট (PSM) সংগঠনগুলির মধ্যে একটি। এর সদস্য সংখ্যা ইতিমধ্যে ৩ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গের ২২টি জেলায় তার ইউনিট পেয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলে নিম্নস্তরের ইউনিটের মাধ্যমে কাজ করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রাজ্য জুড়ে অসংখ্য ইউনিটের সাহায্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাজার হাজার বিজ্ঞান কর্মীদের সাথে সংযোগ বজায় রাখছে যারা বিজ্ঞান ও প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। বিভিন্ন সময়ে আমাদের দেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ, অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, ছাত্র, শ্রমিক, কৃষক, সামাজিক আন্দোলনের কর্মীরা এই রাজ্যে শক্তিশালী পিপলস্‌ সায়েন্স মুভমেন্ট-এর বিকাশের জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ-এর আহ্বানে এগিয়ে এসেছেন।

 

 

 

 

 

Developed by DXDasia