
শিশুদের জন্য অনলাইন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পূর্ব মেদিনীপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা
ঘরে বসে প্যানিক নয়, আশাবাদের গল্প শোনাচ্ছে কচিকাঁচারা। করোনা ভাইরাসের জেরে প্রত্যেকে গৃহবন্দি। সবচেয়ে অসুবিধার মধ্যে পড়েছে বাড়ির কচিকাঁচারা। একঘেয়েমি হয়ে উঠছে তাদের জীবন। এমতাবস্থায় শিশুদের জন্য অনলাইন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পূর্ব মেদিনীপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কোভিড-১৯ এর নানা বিধিনিষেধ এবং সতর্ক থাকার বার্তা উঠে আসছে শিশুদের আঁকা সেইসব ছবিতে। রং-তুলির আঁচরে তারা সৃষ্টি করছে নতুন দুনিয়া। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকেত’। তাদের এই ভাবনার নাম ‘ঘরে বসে টাইমপাস, দূর হঠাও করোনা ভাইরাস’। হোয়াটস্যাপেই আহ্বান জানানো হয় এই ভাবনার উপর আঁকা ছবি পাঠাতে। পঞ্চম থেকে দশম শ্রেণির মধ্যে। ছবি এঁকে প্রত্যেক প্রতিযোগীকে সেই ছবির সঙ্গে একটি ছবি তুলতে হবে।
প্রত্যেকদিন ছয় জন করে পুরস্কারের জন্য নির্বাচিত হচ্ছে। প্রত্যেক অংশগ্রহণকারীকে স্মারক উপহার দেওয়া হচ্ছে। লকডাউন মিটলে বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
ছবি- সংগৃহীত
