পুজো এলেই নাওয়া-খাওয়া ভুলে যান পুজোপাগল নির্মল, সঞ্জয়রা

ঘুম, ব্যবসা লাটে ওঠে এই’কদিন। পুজোর মাঠই তখন ঘরবাড়ি…

পুজো এলে নাওয়া-খাওয়া ভুলে যান এঁরা। ঘর-সংসার, ব্যবসা-পত্তর সব মাথায় ওঠে। বাড়িতে অশান্তি, ছেলে-মেয়ের অসুখ—তবু ‘মাঠে’ না গেলেই নয়। ‘মাঠ’ মানে মাঠই নয় অবশ্য সবসময়। হয়তো গলির ভিতরের একচিলতে জায়গা বা রাস্তার অর্ধেকটা। পুজোর সময় তা-ই মাঠ। সেখানেই ত্রিপল ঢেকে কাজ চলছে মণ্ডপের। আর এই ‘মাঠে’ গেলেই দেখা মিলবে এঁদের। তদারকি করছেন সব কাজের। তুমুল ব্যস্ততা। কখনও ফোন যাচ্ছে দোকানে, কখনও স্পনসরের কাছে, কখনও পুলিশ। তারপরেই শিল্পীর সঙ্গে আলাদা করে কথা। পুজোর আগের মাস চারেক গলি, রাস্তা, পার্কের এই ‘মাঠই’ এঁদের ঘরবাড়ি। ময়দানি ভাষায় পুজো-পাগল। সমস্ত বড়-মেজো পুজোর ‘মাঠ-চত্বরেরই একই গল্প। এমন পুজোপাগল দাদা-দের ছাড়া পুজো উৎরোবে না।

যেমন ধরা যাক, দক্ষিণ কলকাতার দুই বিখ্যাত পুজো রাজডাঙা নব উদয় সংঘের নির্মল মুখার্জি এবং এস বি পার্কের সঞ্জয় মজুমদারের কথা। ‘পুজোর উদ্যোক্তা’ শব্দবন্ধের ভার যে কতখানি তা এঁদের সঙ্গে কথা বললেই দিব্যি বোঝা যায়। দুজনেরই পুজো শুরু হয়ে যায় অন্তত মাস তিন-চারেক আগে থেকেই। তারপর, বিসর্জন পর্যন্ত আর দম ফেলারও ফুরসত নেই। খাওয়া, ঘুমের সময়ও চৌপাট হয়ে যায় এই ক’মাস।

রাজডাঙা নব উদয়ের নির্মলবাবু বলছিলেন, পুজো এলে ‘মাঠ’ তাঁদের ডাকে। মাস চার-পাঁচ আগেই ঠিক হয়ে যায় মণ্ডপের সেজে ওঠার খুঁটিনাটি। শিল্পীর চাহিদা মেটাতে ছুটতে হয় রাজ্যের, এমনকি দেশের নানাপ্রান্তে। যেমন, কয়েক বছর আগে মণ্ডপের শিল্পী ছিলেন ভবতোষ সুতার। একটা ‘পদ্ম’ বানাতে প্রয়োজন অসংখ্য খাঁটি শঙ্খ। ব্যাস, নির্মলবাবুরা কজন মিলে ছুটে গেলেন ওড়িশার উপকূলে। সেখানে গিয়ে জানতে পারলেন, এই শঙ্খে কাজ হবে না। শঙ্খ পালিশ করে তবে কিনতে হবে আর সেই শঙ্খ কলকাতার এজেন্ট ছাড়া দেওয়াও যাবে না আলাদা করে। ফের কলকাতায় ফিরে তবে হল হাজারের কাছাকাছি শঙ্খের ব্যবস্থা। কয়েকবছর আগে প্রখ্যাত শিল্পী পার্থ দাশগুপ্তর নির্দেশে নির্মলবাবু ছুটে গেছিলেন বাঁকুড়ায়। এমন কত গল্প। শুধু উপকরণই নয়, দেশের আনাচ-কানাচ থেকে প্রয়োজনে নিয়ে আসতে হয় কারিগরদেরও। শিল্পীদের বাতলে দেওয়া ঠিকানায় ছুটে যান নির্মলবাবু অ্যান্ড কোং। তারপর, শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। পুজো এগিয়ে এলে দিন-রাত আলাদা করার উপায় থাকে না। সঙ্গে স্পনসর জোগাড়, পুলিশের সঙ্গে কথা, অন্যান্য হাজারো কাজ। এক অদ্ভুত নেশায় ব্যবসার ক্ষতি করে, বাড়ি-ঘর-সংসার ভুলে পুজোর আগের কয়েকমাস ঘোরের মতো মেতে থাকেন নির্মলবাবু।

রাজডাঙা নব উদয় সংঘ ২০১৬

ঠাকুরপুকুরের এস বি পার্কের সঞ্জয় মজুমদারের গল্পও অনেকটা একইরকম। “আমি লক্ষ্য করে দেখেছি, পুজোর আগে তিনমাস আমার ব্যবসায় বেশ ক্ষতি হয়”—হাসতে হাসতেই বলছিলেন সঞ্জয়বাবু। পাওনা টাকা আনতে বেরোবেন, হঠাৎ পুজোর এক স্পনসর এসে হাজির। ব্যাস, নিজের ব্যবসা তখন পরে। বাড়িতে অশান্তিও চলে মাঝেমধ্যেই খাওয়া-ঘুমের বিপুল অনিয়মের জন্য। সেই অশান্তিতেও কান দেওয়ার উপায় থাকে না। এখন আর ক্লাবের দায়িত্ব শুধু সফল চোখ-ধাঁধানো পুজো উদযাপনেই আটকে নেই। সারা বছর ধরেই নানা উদ্যোগ চলে এস বি পার্কের পক্ষ থেকে। এই কদিন আগেই প্রায় চল্লিশ জনের ছানি অপারেশন ও দুশোজনের বেশি মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করেছেন সঞ্জয়বাবুরা। এবারের পুজোয়, কলকাতার সরকারি আর্ট কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে কয়েকজন জুনিয়র শিল্পীকে ইন্টার্নশিপ দেওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন তাঁরা। সঞ্জয়বাবুর মতে, এইসব হতই না, যদি পুজো না বড় হত।

ঠিক কোন নেশায় এত দায়িত্ব সামলান নির্মলবাবু, সঞ্জয়বাবুরা? দুজনেরই উত্তর সহজ- পাড়ার পুজোকে বড় দেখার আনন্দ। সবাই মুগ্ধ হবে পুজো দেখে। উপচে পড়বে ভিড়। পুরষ্কার আসবে ঝুলিতে। বলে বোঝানো যাবে না সেই অভিজ্ঞতার স্বাদ। দুটো পুজোই ‘বড় পুজোর’ তকমা পেয়েছে নতুন সহস্রাব্দে। তার আগে রাজডাঙা অঞ্চল পুজোতেও অন্ধকার হয়ে থাকত। ইতি-উতি দু-একটা পুজোর ঢাকের শব্দ। একই কথা এসবি পার্কের পুজোর ক্ষেত্রেও সত্যি। যদিও এসবি পার্কের পুজোর বয়স এবারে  হল ৪৮। কিন্তু, এত মানুষের ঢল নামে শেষ দশ-বারো বছর ধরেই। আর, দুই পুজোরই ‘বড়’ হয়ে ওঠার মূলে আছে ‘থিম’-এর চমক।

সেই গল্পই শোনাচ্ছিলেন নির্মলবাবু। প্রথমবারের ‘থিম’-পুজো বিশেষ সাড়া পায়নি। কিন্তু, বাঁধ ভাঙে পরের বছরই। সময়টা ২০০০-২০০১ সাল। বিস্কুটের মণ্ডপ হয়েছিল সেবার। ভিড় এত বেড়ে যায়, সামলাটে গিয়ে ল্যাজেগোবরে হয় জেলা-প্রশাসন। তখনও এই পুজো কলকাতা পুলিশের আওতায় ছিল না। অবস্থা এমন জায়গায় যায়, নির্মলবাবুকে থানায় ডেকে যায় পুলিশ। সেদিন নবমীর রাত। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঘোষণা করতে হবে– মণ্ডপে আগুন লেগে গেছে। আর প্রতিমা-দর্শন সম্ভব নয়। নাহলে ভিড় ঠেকানো যাবে না। শুনে নির্মলবাবুর মাথায় হাত। অনেক কাকুতি-মিনতিতে সেই রাতটুকু সময় মিলল। পরেরদিন সকালেই ঘোষণা করা হল, প্যান্ডেলে আগুন লেগেছে। পুলিশ ব্যারিকেড করে দিল সঙ্গেসঙ্গে। পুজো শেষ হতে-না-হতেই পিছনের গেট দিয়ে প্রতিমা কেটে কেটে বের করে বিসর্জন হল পাড়ার এঁদো পুকুরে। গঙ্গা অবধি যাওয়ারও অনুমতি মেলেনি। এই অভিজ্ঞতায় একইসঙ্গে খারাপ লাগা ও আনন্দ মিশে আছে। প্রথম মেগা হিট পুজো বলে কথা। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতেই হয়নি রাজডাঙা নব উদয়ের পুজোকে। দর্শক-সমাগম প্রতিবছরই হয় প্রচুর। পুরষ্কারও এসেছে অনেকবার। নির্মলবাবু বলছিলেন, বিচারকদের রীতিমতো জামাই-আদর করে পুজো দেখান তাঁরা। ওই সময় পরিবারের লোকজনেরাও কাছে ঘেঁষতে পারেন না। পুরষ্কার এলে পুজোর আনন্দ শতগুণ বেড়ে যায়। নাহলে সপ্তমীতেই বিসর্জনের স্বাদ চলে আসে যেন।

এস বি পার্ক ২০১৬

এস বি পার্কের সঞ্জয়বাবুর অভিজ্ঞতা খানিক অন্য। থিম পুজোর জোয়ারে গা ভাসানোর আগে সাবেকি প্রতিমাই হত পুজোর। কোনও প্রতিযোগিতায় নামও দিতেন না তাঁরা। সেটা খুব সম্ভবত ২০০৭ সাল। সারা সন্ধে-রাত মণ্ডপে কাটিয়ে গভীর রাতে সবাই মিলে অন্যান্য ঠাকুর দেখতে বেরিয়েছেন। ফিরে দেখেন, মণ্ডপের সামনে একটা ফ্লেক্স টাঙানো। এক বিখ্যাত পুজোর পুরষ্কার দেওয়া সংস্থা জানিয়েছে, এই পুজো চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বিবেচিত হয়েছে। সবাই অবাক, তারা তো নামই দেয়নি প্রতিযোগিতায়। সকালবেলা ফোন করে জানা গেল, বিচারকেরা নিজেরাই যেচে দেখে গেছেন পুজো আর তাতেই মিলেছে চূড়ান্ত পর্যায়ের ছাড়পত্র। এ যে মেঘ না চাইতেই জল। তবে, এতেই শেষ নয়। সেবারে শ্রেষ্ঠ প্রতিমার পুরষ্কারও জিতে নিয়েছিল এস বি পার্ক। আর সেই আনন্দে পাড়ার বয়স্ক, বাতের যন্ত্রণায় ভোগা ঠাকুমা-দিদিমারাও নেচেছিলেন চুটিয়ে। সঞ্জয়বাবুর চোখে এখনও সেই সন্ধের রং লেগে। আর বিস্ময় উপচে পড়ে গলা দিয়ে, যখন তিনি পাড়ার পুজোর বদলে যাওয়ার কথা বলেন। অন্ধকার পাড়া কীভাবে বদলে যায় এই কদিন। শুধু, এই প্রাপ্তিটুকুর জন্যেই পুজোর কদিনের অনিদ্রা, খাটনি সয়ে যাওয়া যায়।

পুজো শেষ হলেই অবশ্য বিশ্রাম নয়। পুজোর মধ্যেই ঠিক হয়ে যায় পরেরবারের শিল্পী। তারপর গোপন ডেরায় শিল্পীর সঙ্গে মিটিং। যাতে থিম না ফাঁস হয়ে যায়। থিম ঠিক হলে ফের পুজোর প্রস্তুতি। এভাবেই বছর ঘোরে নির্মলবাবু-সঞ্জয়বাবুদের। শরীর-ঘুম সব বাজি পুজোর জন্য। কীভাবে পারেন এতকিছু করতে? নির্মলবাবু উত্তরে বলেন, “পুজো এলেই মনটা ভালো হয়ে যায় না? দেখবেন, পুজোয় অসুখ-বিসুখ কমে যায় অনেক। এত্ত এত্ত লোক সারা রাত জেগে রাস্তায় রাস্তায়, প্যান্ডেলে প্যান্ডেলে। পুজো এলে সব সহ্য করা যায়।” তাঁর একটা আক্ষেপ, পুজোকে এখনও জাতীয় উৎসব ঘোষণা করা হয়নি। আর, সঞ্জয়বাবুর কাছেও পুজো এক অপার প্রাপ্তির জায়গা। “এত্ত দায়িত্ব। পুলিশ থাকলেও এতজন মানুষের দায় আমাদের ওপরও থাকে। ফলে, অন্যকিছু ভাবার কথা মাথাতেই থাকে না এই-কদিন।”

এভাবেই, কলকাতার ‘বড়’ পুজোদের জৌলুসের আড়ালে দাঁড়িয়ে থাকেন ‘পুজো-পাগল’ নির্মল-সঞ্জয়রা। এমন উদ্যোক্তা ছড়িয়ে আছেন উত্তর কলকাতাতেও। যাঁদের ছাড়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব অর্থহীন।

Developed by DXDasia