আবর্জনা সাফাইয়ে নজির গড়ছে হাওড়া পুরনিগম

রয়েছে কর্মসংস্থানের অভিনব পদক্ষেপও

হাওড়ার মতো ঘনবসতিপূর্ণ বড়ো শহরে প্রতিদিনই বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। প্রাকৃতিক বর্জ্যের পরিমাণ অপ্রাকৃতিক বর্জ্যের তুলনায় অনেক বেশি। সেই প্রাকৃতিক বর্জ্যকে সহজেই প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে হাওড়া পুরনিগম। ইতিমধ্যে একটি বহুজাতিক সংস্থার সঙ্গে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

একটি বহুতল আবাসনকে প্রথম মডেল করে হাওড়া পুরনিগম তার প্রকল্পটি চালু করবে। সেখানে পুরনিগমের উদ্যোগ সফল হলে অন্যান্য বহুতল আবাসনেও নেওয়া হবে একই ব্যবস্থা। হাওড়া শহরে বহুতলগুলিতে ফ্ল্যাটপিছু প্রতিদিন বর্জ্য উৎপন্ন হয় দেড় কেজির মতো। তার মধ্যে এক কেজি বর্জ্য প্রকৃতিতে মিশে যাওয়ার উপযোগী। আবাসনগুলোতে পড়ে থাকা অব্যবহৃত জায়গার কিছু সামান্য অংশকে কাজে লাগিয়ে অল্প খরচে এই আবর্জনকে খুব সহজেই প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া যাবে। প্রত্যেক পরিবার তাদের দৈনিক বর্জ্যকে প্রাকৃতিক আর অপ্রাকৃতিক – এই দুইভাগে আলাদা করে রাখবে। প্রাকৃতিক বর্জ্য থেকে তৈরি হবে কম্পোস্ট সার। আর অপ্রাকৃতিক বর্জ্য নিয়ে যাবেন পুরনিগমের কর্মীরা।

এই প্রকল্প রূপায়িত হলে হাওড়া শহরের বিপুল পরিমাণ প্রাকৃতিক বর্জ্যের সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা ঘটবে। রাশ টানা যাবে পরিবেশ দূষণে। পাশাপাশি গড়ে উঠবে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগও। 
 

Developed by DXDasia