চালু হওয়ার অপেক্ষায় নামখানা সেতু

সুন্দরবনকে আরো হাতের মুঠোয় এনে দেবে এই সেতু

প্রতীক্ষার অবসান। অবশেষে চালু হতে চলেছে নামখানা সেতু। সুন্দরবনের হাতানিয়া-দোয়ানিয়া নদীর ওপরে এই সেতুর দু অংশ জুড়ে দেওয়ার কাজ শেষ। সামান্য কিছু পরীক্ষা বাকি। তারপর, হয়তো মার্চ মাসের গোড়াতেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে নামখানা সেতু।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই সেতু তৈরি করতে মোট খরচ পড়েছে ২২৮ কোটি টাকা। দৈর্ঘ্যে সাড়ে তিন কিলোমিটারের এই সেতু সুন্দরবনের দীর্ঘতম সেতু হতে চলেছে। সেতু চালু হলে খুব সহজেই সড়কপথে চলে যাওয়া যাবে বকখালি, জম্বুদ্বীপ, ফ্রেজারগঞ্জ কিংবা হেনরি আইল্যান্ডে। পর্যটকদের আরো নাগালের মধ্যে চলে আসবে সুন্দরবনের নামখানা ব্লকের এইসব পর্যটনকেন্দ্রগুলি। এতে বকখালি, হেনরি আইল্যান্ডে পর্যটকদের ভিড় আরো বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেতু চালুই হলে ব্লকের অর্থনীতিও উন্নত হবে বলে আশা স্থানীয়দের।

নামখানা ব্লকের মাছচাষি ও সবজিচাষিদের দিক থেকে সেতুর দাবি ছিল অনেকদিন ধরেই। অবশেষে, তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। হাতানিয়া-দোয়ানিয়া নদী আন্তর্জাতিক জলপথ হওয়ায় নদীর বুকে বিম গেঁথে সেতু নির্মাণে নানা সমস্যা হচ্ছিল। পরে ঠিক হয়, দ্বিতীয় হুগলি সেতুর আদলে ঝুলন্ত সেতুই নির্মাণ করা হবে। সেইমতো, ২০১৫ সালে শুরু হয়েছিল কাজ। চারবছরের মধ্যেই সর্বসাধারণের জন্য চালু হতে চলেছে নামখানা সেতু।   
 

Developed by DXDasia