
আজ মিঠুন চক্রবর্তীর ৬৮তম জন্মদিন
বলিউডের মসনদ দখল করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন মিঠুন চক্রবর্তী। কলকাতা থেকে মুম্বাই গিয়ে সুপারস্টার হয়ে ওঠার যাত্রা কিন্তু মোটেও সহজ ছিল না।
মিঠুন চক্রবর্তীর জন্ম হয়েছিল বরিশালে। তখন গৌরাঙ্গ চক্রবর্তী নাম ছিল তাঁর। কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন। পুনার ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকেও গ্র্যাাজুয়েশন করেছেন তিনি। এক সময়ে তাঁকে অমিতাভ বচ্চন এবং রেখার স্পট বয় হিসেবে কাজ করতে হয়েছিল। তিনি অমিতাভ-রেখার ব্যাগ বয়ে নিয়ে যেতেন। পরে তিনি এই দুই সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছিলেন রুপোলি পর্দায়।
মৃণাল সেনের পরিচালনায় ‘মৃগয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের জগতে পা রাখেন মিঠুন। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেও তাঁকে সংগ্রাম চালিয়ে যেতে হয়েছিল। সিনেমায় ছোটোখাটো চরিত্র পেতেন। ১৯৭৮ সালে তাঁর অভিনীত ছবি ‘মেরা রক্ষক’ সুপারহিট হয়। ১৯৮২ সালে ‘ডিস্কো ডান্সার’-এর মাধ্যমে তিনি প্রবল খ্যাতি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও বহু মানুষের মন জয় করে নিয়েছিলেন। বলিউডের একের পর ছবিতে দাপটের সঙ্গে কাজ করে যেতে থাকেন। বিদেশেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।
বাংলাতেও অনেকগুলি ছবিতে অভিনয় করেন মিঠুন। টলিউডের জনপ্রিয় নায়কের মর্যাদা পেয়েছেন। অভিনয় করেছেন তামিল এবং তেলুগু ছবিতেও। তিন বার জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও কাজ করেন মিঠুন। আজ তাঁর ৬৮তম জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা। আরও বহু বছর তিনি অভিনয়ের জাদুতে সবাইকে মাতিয়ে রাখুন।
তথ্যসূত্র – আনন্দবাজার আর্কাইভ
