এভারেস্ট জয়ী পিয়ালী বসাক-কে সংবর্ধনা ও আর্থিক সহায়তা মন্ত্রী ইন্দ্রনীল সেনের

দেশের মধ্যে সর্বপ্রথম কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছেন চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক

হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক। প্রথম ভারতীয় মহিলা তো বটেই, প্রথম ভারতীয় নাগরিক হিসেবেও রেকর্ড তৈরি করেছেন বাঙালি এই পর্বতারোহী! এই জয়যাত্রায় পদে পদে বহু কষ্ট, বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে পিয়ালীকে। শৃঙ্গ জয়ের পর ঐতিহাসিক স্বীকৃতিপত্র পেতে তাঁকে অর্থনৈতিক সমস্যার সম্মুখীনও হতে হচ্ছিলো। এহেন পরিস্থিতিতে বাংলার কৃতি এই মেয়ের পাশে দাঁড়াতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিলেন চন্দননগরের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন।

পেশায় স্কুল শিক্ষক, ছোটবেলা থেকেই ছক ভাঙার নেশা ছিল পিয়ালীর, কাজেও করে দেখিয়েছেন সেটাই। এবছর ২২ মে অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের মতো রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এর আগে ২০১৮-তে মানাসুলু শৃঙ্গ জয় করেছেন পিয়ালী। তবে মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। সেই ঘটনাই তাঁর জেদ আর খিদে আরও বাড়িয়ে তুলেছিল। এবারের এভারেস্ট অভিযানে একজন ভারতীয় তো বটেই, বাঙালি হিসেবেও অনন্য নজির গড়েছেন তিনি। সেরার শিরোপা জয় করে বাড়ি ফিরেছেন গত ১১ জুন। ফেরার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে চর্চা।

সেই চর্চাকে আর একটু এগিয়ে দিতেই চন্দননগরের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হল চন্দননগরে। আজ ২৪ জুন, চন্দননগর রবীন্দ্রভবন প্রাঙ্গণের জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে ছিল জমজমাট আসর। বিশিষ্টজনের উপস্থিতি এবং পিয়ালীর জার্নির গল্প উঠে এসেছে আজকের অনুষ্ঠানে। পিয়ালী হয়ে উঠতে পারেন আগামীতে আরও অনেকের অনুপ্রেরণা। সেকারণেই চন্দননগর বিধানসভা উৎসব কমিটির পক্ষ থেকে পিয়ালী বসাকের হাতে ৩ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পিয়ালীর আগামীর সকল অভিযানের সাফল্য কামনা করেন তিনি এবং আগামী দিনে অন্য শৃঙ্গ অভিযানে যাওয়ার আগে সরকারের সঙ্গে তথ্য আদান প্রদান করে যাওয়ার কথা বলেন তাঁকে, যাতে রাজ্য সরকার সব রকম পিয়ালীর পাশে থাকতে পারে।

পিয়ালী আমাদের ঘরের মেয়ে। তাঁর এই অনন্য নজির এবং সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। আগামী দিনে আরও আরও রেকর্ড গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ পাশে থাকবে পিয়ালীর।

Developed by DXDasia