মিনার, বিজলি, স্টার, মেনকা-র মতো সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শিত হবে KIFF 2023

২৩টি সিনেমাহলে প্রদর্শিত হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে। এটি ভারতের তৃতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। ২৯তম KIFF (29th Kolkata International Film Festival) শ্রদ্ধা জানাবে মৃণাল সেন এবং দেব আনন্দ-কে। মৃণাল সেনের শতবর্ষ এবং দেব আনন্দের শতবর্ষ উপলক্ষ্যে থাকছে বিশেষ বিভাগ। উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে অস্ট্রেলিয়া এবং স্পেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সালমান খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, জয়া বচ্চন, মহেশ ভট্ট, সৌরভ গাঙ্গুলির। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিনেতা-অভিনেত্রীরা।

এই বছর কলকাতার সরকারি হলগুলি ছাড়াও সিনেমা প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে উল্লেখযোগ্য কয়েকটি বেসরকারি সিনেমাহলকেও। নন্দন ১-২-৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রাধা স্টুডিও, নজরুল তীর্থ ১-২, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ এবছর সর্বমোট ২৩টি সিনেমাহলে প্রদর্শিত হবে দেশ-বিদেশের চলচ্চিত্র। উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন উৎসব কমিটি এবছর আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছে। তার অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে বেশ কয়েকটি সিঙ্গেল স্ক্রিন থিয়েটার এবং মাল্টিপ্লেক্সকে। বেশ কিছু বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সরকারি হল ছাড়াও দেখানো হত নবীনা, প্রিয়া, স্টার-এর মতো কিছু বেসরকারি সিনেমাহলে। এই বছর দীর্ঘ হয়েছে তালিকা। জানা গিয়েছে, উৎসবের ২৯তম সংস্করণে অশোকা সিনেমা, অজন্তা সিনেমা, মেনকা সিনেমা, প্রাচী, স্টার থিয়েটার, মিনার, বিজলি, নিউ এম্পায়ার, অশোকা সিনেমা, আইনক্স (সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো), পিভিআর (মনি স্কোয়ার)-সহ শহরের বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উল্লেখ্য, আগামী ৫-১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। এই প্রথমবার বেঙ্গলি প্যানোরমা বিভাগকে প্রতিযোগিতামূলক করা হয়েছে, এবং সেইসঙ্গে এই বিভাগে সেরা ছবির জন্য পুরস্কারমূল্য হিসেবে থাকবে ৭.৫ লক্ষ টাকা। মূলত নতুন পরিচালকদের ছবি এই বিভাগে প্রদর্শিত হবে। তালিকায় রয়েছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির মন পতঙ্গ, অভিজিৎ শ্রী দাসের বিজয়ার পরে, রাজদীপ ঘোষের বনবিবি, অমর্ত্য সিনহার অসম্পূর্ণ, রাজেশ রায়ের মাতৃপক্ষ, দেবপ্রতিম দাশগুপ্তের আবার আসিব ফিরে এবং আনিসুলের অনাথ। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে রয়েছে অঞ্জন দত্তের চালচিত্র এখন (Chalchitra Ekhon by Anjan Dutt), যা তিনি তাঁর ফ্রেন্ড-ফিলোসফার-গাইড মায়েস্ত্রো মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করেছেন। এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ এবং শৈলেন্দ্র, শার্লটন হেস্টন, রিচার্ড অ্যাটেনবার্গ, ওস্মেন সেমবেন, লিন্ডসে অ্যান্ডারসনকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ রয়েছেন আরও তিন ব্যক্তিত্বের ছবি। ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ইন সার্চ অফ আইডেন্টিটি এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শশালায় দেব আনন্দকে নিয়ে ‘এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Developed by DXDasia