বিকাশ ভট্টাচার্যের বিখ্যাত ছবি বড়িষা ক্লাবে হয়ে উঠল পরিযায়ী শ্রমিক জননী

পরিযায়ী শ্রমিকদের কুর্নিশ জানাচ্ছে বড়িশা ক্লাব

সারা দেশে লকডাউন ঘোষণা হওয়ার পর আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদের লড়াই। কঠিন সময়ে তাঁরা কর্মচ্যুত, অভুক্ত – তবুও হার মানেননি। বেরিয়ে পড়েছেন রাস্তায়। সন্তানকে কোলে নিয়ে শত-শত মাইল হেঁটেছেন শ্রমিক মায়েরা।  সেরকমই এক পরিযায়ী মায়ের রূপে দেবী দুর্গাকে দেখা যাবে বেহালার বড়িশা ক্লাবের পুজোয়।

বড়িশা ক্লাবের দুর্গা 

দেশ গড়ার কারিগর পরিযায়ী শ্রমিকদের এভাবেই কুর্নিশ জানাচ্ছে বড়িশা ক্লাব। এবছর তাঁদের থিম – ‘ত্রাণ’। মণ্ডপে দেখা যাচ্ছে, পরিযায়ী জননী দুর্গা ত্রাণের খোঁজ করছেন সন্তানদের জন্য। ত্রিনয়নী দেবীর কোলে তাঁর শিশুপুত্র কার্তিক। পিছনে ফুটে উঠেছে ত্রাণের থলি নিয়ে দশটি হাত। সঙ্গে দুই মেয়ে – লক্ষ্মী ও সরস্বতী। ভাস্কর্যের আদলে দেখানো হয়েছে গণেশকে। নেই কোনো অস্ত্র। মণ্ডপ জুড়ে ছড়িয়ে অসংখ্য ত্রাণের বস্তা।

দর্পময়ী (১৯৮৯), শিল্পী- বিকাশ ভট্টাচার্য

থিমের ভাবনা ও রূপায়ণের ভার নিয়েছেন রিন্টু দাস। কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক গড়ে তুলেছেন পরিযায়ী দুর্গার প্রতিমা। অভিনব এই থিমে প্রখ্যাত শিল্পী বিকাশ ভট্টাচার্যের অনুপ্রেরণা স্পষ্ট। দর্শকরা অনেকেই দুর্গামূর্তির সঙ্গে মেলাতে পারছেন তাঁর বহুল আলোচিত ছবি ‘দর্পময়ী’-কে। সন্তান কোলে গ্রামের দরিদ্র মহিলা ঝর্নার সামনে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে – ক্যানভাসে বিকাশ ভট্টাচার্য এরকমই দৃশ্য ফুটিয়ে তুলেছিলেন। সেই চিরন্তন সংগ্রামী নারীসত্তাই যেন আবার ফিরে এসেছে পরিযায়ী রমণীর আদলে দেবী দুর্গার প্রতিমায়। এবারের পুজোয় তাকেই আবাহন করবে বড়িশা ক্লাব। 
 

Developed by DXDasia