
মহেশতলা পুরসভার উদ্যোগ
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় গতকাল যাত্রা শুরু করল কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল। সৌজন্যে মহেশতলা পুরসভা। বজবজ, মহেশতলা, মেটিয়াবুরুজ, বেহালা সহ দক্ষিণ ২৪ পরগণার প্রত্যন্ত মানুষের কাছে এই হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
গতকাল এই হাসপাতালের উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। জানা গেছে, আপাতত দিশারী হেলথ পয়েন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে হাসপাতালটি চালাবে মহেশতলা পুরসভা। হাসপাতালে থাকছে মোট ৩৫০টি শয্যা, ১২টি বহির্বিভাগ এবং ১০টি অপরেশন থিয়েটার। ১০০ জন চিকিৎসক নিয়ে আপাতত পথ চলা শুরু করছে এটি। সম্পূর্ণ নিখরচায় সমস্ত পরিষেবা এই হাসপাতালে মিলবে না, তবে, পাওয়া যাবে স্বাস্থ্যবিমার সব রকম সুবিধেই। এর পাশাপাশি প্রত্যেক দিন ৫০ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং বিছানা ভাড়ায় ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
