লাউচিংড়ি বা চচ্চড়ি নয়, এই পদে লাউ লা-জবাব
"সাধের লাউ বানাইলা মোরে বৈরাগী"…
লতানে গাছের ফল। বাড়ির চালায় বা উঠোনে কিংবা ছাদে ফলে আছে চুপিসারে। সাদামাটা ভালোমানুষ গোছের চেহারা। এমনিতে কাঁচা অবস্থায় স্বাদ নেই। কিন্তু, এই লাউ নিয়েই বাঙালির হেঁসেলে কত আহ্লাদ। সামান্য আয়োজনেই রেঁধে-বেড়ে ফেলা যায়। লাউ তাই ভারি প্রিয় সবজি আমাদের। বৈরাগী নাই বা বানাক সক্কলকে, লাউ রান্নাঘরের সাপ্তাহিকীর এক অবশ্য উপাদান। "লাউয়ের আগা খাইলাম ডগাগো খাইলাম.."— এ বাঙালির খাদ্যের ইতিহাসের এক চিরাচরিত গপ্পো।
নিরামিষ কোপ্তার মধ্যে মূলত কাঁচকলার কোপ্তার কথাই আমরা বেশি শুনেছি। এমনিতে, কোপ্তা হল মূল উপকরণকে একটি বিশেষ আকৃতিতে বেঁধে তাকে ছদ্মবেশে রেঁধে নেওয়া। এর ফলে, বাইরে থেকে আর চেনা সম্ভবই হয় না যে আপনি কী দিয়ে কোপ্তাটি রেঁধেছেন। এই কোপ্তাকে আপনি চাইলেই নিজের পছন্দমতো আকার দিতে পারেন। লাউয়ের কোপ্তাও মুখে তোলার আগে কেউ ধরতেই পারবে না এর উপকরণ কী? আর, তারপর খেয়ে ও রেসিপি শুনে সকলের অবাক হওয়ার পালা। তাহলে আর কী! চলুন, জেনে নেওয়া যাক লাউয়ের কোপ্তার রেসিপি।
আরও পড়ুন
রোজের চেনা ডিম নতুন স্বাদের বাহারে
উপকরণ :
লাউ- ১/৪ ভাগ (ছিরনি দিয়ে কুচিয়ে নেওয়া)
কাঁচালঙ্কা কুচি- ৩টে
আদাকুচি- হাফ চা-চামচ
পনির গ্রেট করা- ৫০গ্রাম
ধনেপাতা কুচি- পরিমাণ বুঝে
বেসন- ৩ চামচ (কোপ্তা তৈরি করতে লাগবে, কম-বেশি হতে পারে)
সরষের তেল
এলাচ- ৪টে
দারুচিনি- এক টুকরো
শুকনো লঙ্কা- ১টা
তেজপাতা- ১টা
গোটা জিরে- এক চিমটে
আদাবাটা- এক চামচ
কাঁচালঙ্কা বাটা- ৩টে লঙ্কার
চারমগজ বাটা- এক চামচ
কাজুবাটা- দেড় চামচ
চিনি, নুন- পরিমাণমতো
হলুদ গুঁড়ো- এক চামচ
কাশ্মীরী লঙ্কাগুঁড়ো- ১চামচ
টক দই- ১/৪ ভাগ (ভালো করে ফেটানো)
জায়ফল গুঁড়ো- দু চিমটে (কোপ্তা ও ঝোলের জন্য)
জয়ত্রী গুঁড়ো- সামান্য
জল- মশলা কষাতে আর ঝোলের জন্য প্রয়োজন মতো।

প্রণালীঃ
প্রথমে, কোপ্তার জন্য কুচনো লাউয়ের রস ভালো করে চিপে বের করে নিয়ে (প্রয়োজনে একবারের জায়গায় দুবার চিপে নেবেন, যাতে লাউগুলো ঝুরো ঝুরো হয়) তাতে কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য হলুদ, সামান্য জায়ফল গুড়ো, নুন পরিমাণমতো, আর বেসন মাখিয়ে গোল গোল করে ছোটো ছোটো মণ্ড করে নিতে হবে। লাউ থেকে বেরিয়ে আসা জল আমি রান্নায় ব্যবহার করেছি, আপনারাও চাইলে করতে পারেন।
তারপর, ডুবো তেলে মাঝারি আঁচে সোনালি বাদামি করে কোপ্তাগুলো ধীরে ধীরে ভেজে তুলে নিন।
ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, তেজপাতা ফোরণ দিন। ৩সেকেন্ড পর এতে কাঁচালঙ্কা বাটা, চারমগজ বাটা, কাজুবাটা আর অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে ৩-৪ সেকেন্ড নাড়িয়ে তাতে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে তেল না বেরোনো পর্যন্ত কষান। তেল বেরিয়ে এলে ফেটিয়ে রাখা দই দিয়ে দিন, অল্প জায়ফল ও জয়ত্রী গুঁড়ো দিয়ে জল ঢেলে দিন। জলটা ফুটে উঠলেই তাতে কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দিন। মিনিট তিন রেখে তারপর সামান্য ঘি দিয়ে নামিয়ে নিন। ব্যাস, লাউয়ের কোপ্তা রেডি। এবার, ইচ্ছেমতো পরিবেশন করুন পোলাও বা গরম ভাতের সঙ্গে।