
প্রকৃতি ও পরিবেশপ্রেমীদের জন্য নতুন গন্তব্য
টেরাকোটা মন্দির, ঐতিহ্যবাহী হস্তশিল্প আর শিল্প-সংস্কৃতির পীঠস্থান বিষ্ণুপুর। দুই বছর হল এ শহরের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে যুক্ত হয়েছে লালগড় নগরবন। যা প্রকৃতি ও পরিবেশপ্রেমীদের জন্য নতুন গন্তব্য, পর্যটক-আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাসুদেবপুর জঙ্গল ঘেঁষে, লালবাঁধের দক্ষিণ-পূর্ব প্রান্তে, বিষ্ণুপুর রেঞ্জের চৌকান বিটে অবস্থিত এই নগরবন ১০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত। চৌকান গ্রামের কাছে অবস্থিত এই বনাঞ্চল মূলত স্থানীয়দের চড়ুইভাতির স্থান হিসেবে পরিচিত ছিল। বর্তমানে, পশ্চিমবঙ্গ বন দফতরের উদ্যোগে অঞ্চলটি আধুনিক, সুপরিকল্পিত, পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

নগরবন প্রকল্প-এর অধীনে গড়ে তোলা এই বনাঞ্চলে রয়েছে ফল ও ফুলের বাগান, ঔষধি উদ্ভিদের ক্ষেত, চিলড্রেনস পার্ক, যোগা পার্ক, জগার্স ট্র্যাক, এমনকি প্রিয়জনদের স্মৃতিতে নির্মিত ‘স্মৃতি বন’। পাশাপাশি প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে মনোরম জলাশয়, যেখানে শোভা পাচ্ছে পদ্ম ও শালুক।
বিশেষ আকর্ষণ হিসেবে এখানে তৈরি হয়েছে ‘নক্ষত্র বন’, যার মূল বৈশিষ্ট্য হল প্রতিটি গাছই গ্রহ ও নক্ষত্রের নামে রোপিত। অন্যদিকে বনের অন্দরে ভ্রমনকারীদের স্বাগত জানাচ্ছে বাইসন, হরিণ ও রয়্যাল বেঙ্গল টাইগার। না! ভয় নেই! আসল নয়, মূর্তি মাত্র। উল্লেখ্য, নগরবনের পরিবেশ রক্ষায় প্লাস্টিক নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সঙ্গে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এলাকাজুড়ে।

নগরবন প্রকল্প-এর অধীনে গড়ে তোলা এই বনাঞ্চলে রয়েছে ফল ও ফুলের বাগান, ঔষধি উদ্ভিদের ক্ষেত, চিলড্রেনস পার্ক, যোগা পার্ক, জগার্স ট্র্যাক, এমনকি প্রিয়জনদের স্মৃতিতে নির্মিত ‘স্মৃতি বন’।
প্রসঙ্গত, গত ২০২৪ সালে পরিকাঠামগত সমস্যা ও কিছু অসামাজিক কাজের কারণে বেশ কয়েক মাস বন্ধ ছিল ‘নগরবন’। যদিও বছরের শেষের দিকে, পর্যটকদের নিরাপত্তা ও তাঁদের প্রাথমিক পরিষেবা দেওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে এই ভ্রমণকেন্দ্র পুনরায় চালু করা হয়। চৌকান বনসুরক্ষা কমিটির সদস্যরা নিজেরাই এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত। সরস্বতী টুডু, ভীম লোহার, গণেশ লোহার, রানি কিস্কু প্রমুখের উদ্যোগেই তৈরি করা হয়েছে ফল ও ঔষধি গাছের বাগান। তাঁদের মতে, এই প্রকল্প শুধু পর্যটনের বিকাশ ঘটাচ্ছে না, বরং স্থানীয়দের জন্য বছরের বেশ কিছুটা সময় কর্মসংস্থানেরও পথ তৈরি করছে।

লালগড় নগরবন একদিকে যেমন পরিবেশগত সচেতনতা গড়ে তুলছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। প্রকৃতির কোলে সময় কাটাতে চাইলে, লালগড় নগরবন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এখানকার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র ১০ টাকা এবং শিশুদের জন্য মাত্র ৫ টাকা।
