
পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রশিক্ষণ দিচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ
ক্লাসভর্তি মনোযোগী ছাত্রছাত্রী। সবাই মন দিয়ে শুনছে স্যারের পড়ানো। আর শিক্ষকের দায়িত্বে রয়েছেন একজন উর্দিধারী পুলিশ অফিসার। এমনই সব দৃশ্যের জন্ম হচ্ছে ঝাড়গ্রামে। শুধু আইন-শৃঙ্খলা-নিরাপত্তা বজায় রাখাই নয়, ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্বও নিজেদের কাঁধে তুলে নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে সফল হতে পারে গ্রাম-মফস্সলের পড়ুয়ারা, তার জন্যই এমন অভিনব উদ্যোগ। এই ক্লাস শুরু হয়েছে ১লা ফেব্রুয়ারি থেকে। নিছক অনিয়মিত ক্লাস নয়, রীতিমতো প্রকল্প হিসেবে একে গ্রহণ করা হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘লক্ষ্যভেদ’।
এই পরিকল্পনাটির জন্মদাতা ঝাড়গ্রাম পুলিশ সুপারিন্টেনডেন্ট অরিজিৎ সিংহা। ঝাড়গ্রাম এবং তার আশেপাশের যেসমস্ত মেধাবী পড়ুয়ারা সরকারি চাকরির পরীক্ষায় বসতে চায়, তাদের সাহায্য করতেই এই উদ্যোগ। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, পাবলিক সার্ভিস কমিশন, রেলওয়েজ, স্টাফ সিলেকশন কমিশনের মতো নানা পরীক্ষার পাঠ ও প্রশিক্ষণ দেওয়া হয় ‘লক্ষভেদের’ ক্লাসে। ইতিমধ্যেই একটি সিলেকশন টেস্টের মাধ্যমে ১৫০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। ৬ মাসের প্রশিক্ষণ-পর্বে প্রতি সপ্তাহে তিনদিন করে ক্লাস। শুক্র, শনি আর রবিবার ক্লাসগুলি হয় ঝাড়গ্রাম রাজ কলেজ এবং বিনপুর পুলিশ স্টেশনে। গোটা প্রশিক্ষণ-পর্বটিই বিনামূল্যে। পড়ানোর পাশাপাশি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাসের জোগান দেওয়া, ফর্ম ফিল আপের ব্যবস্থা করা এমনকি প্রয়োজনে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
ক্লাসের মধ্যে মধ্যেই চলছে অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা। সেখানে খুব ভালো ফল করা ২০জন মেধাবী পড়ুয়াকে পড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার বই, ব্যাগও দেওয়া হচ্ছে বিনামূল্যেই। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। পড়ুয়াদের ক্লাস নিতে আসছেন জেলার সিনিয়র পুলিশ কর্তা এবং অন্যান্য নানা নামি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। স্যার-রূপী পুলিশ অফিসারদের ক্লাস করতে উৎসাহে কোনো খামতি নেই পড়ুয়াদেরও।
