
এই সৈকত দিঘার খুব কাছেই
অনেক দিন একটানা গড়পরতা যাপনে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন সতেজ হওয়ার জন্য মন চায় কোথাও ঘুরে আসতে। বাঙালি তো চিরকালই ভ্রমণপিপাসু। অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি পড়লে, কখনো কখনো ছুটি নিয়েও আমরা পাড়ি দিই দূর-দূরান্তে। পাহাড়-জঙ্গল-নদী যেমন প্রচুর মানুষকে আকর্ষণ করে, তেমনি সমুদ্রপ্রেমীদের সংখ্যাও কম নয়। আবার কেউ কেউ প্রকৃতির সব ধরনের রূপই ভালোবাসে। যাই হোক, আজ থাকছে আরেকটি মনোরম সমুদ্র সৈকতের খোঁজ।

দিঘা আর মন্দারমণিতে এখন ভিড় লেগেই থাকে। যাঁরা নিরিবিলি কোনো সৈকতে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন, তাঁরা জুনপুটে একবার আসতেই পারেন। পশ্চিমবঙ্গ সরকারের মৎস গবেষণাগার রয়েছে এখানে। মৎস দপ্তরের মিউজিয়ামও আছে। দিঘার খুব কাছেই এই জায়গা। তবে দিঘার মতো উপচে পড়া জনসমুদ্র এখানে নেই। নির্জনে রোমান্টিক সময় উপভোগের আদর্শ জায়গা এটি।
জুনপুট সৈকতে ভাটার সময়ে জল সমুদ্রের জল অনেকটা সরে যায়। প্রসারিত হয়ে যায় দীর্ঘ বেলাভূমি। তখন অনেকটা হেঁটে পৌঁছতে হবে সমুদ্রে। জোয়ারের সময়ে জল এসে কাদা করে দিয়ে যায়। আরে কাদায় মাখা বেলাভূমিতে দাপিয়ে বেড়ায় লাল কাঁকড়ার দল। খালি পায় হাঁটলে বেশ মজা পাওয়া যাবে। সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যও অপরূপ। অমাবস্যা আর পূর্ণিমার ভরা কোটালে সমুদ্রের জল অনেকটাই এগিয়ে আসে। শান্ত সমুদ্রের রূপ নয়নাভিরাম। পূর্ণিমার রাতে যেন স্বর্গ নেমে আসে এখানে। তবে, স্নান করার জন্য জুনপুট সৈকত খুব একটা নিরাপদ নয়।

জুনপুটে গিয়ে কেউ কেউ ঝাউবনে অনেকটা সময় কাটান। এছাড়া, প্রচুর পাখির দেখা মেলে এখানে। ফটোগ্রাফির নেশা যাঁদের আছে, তাঁরা এই জায়গায় খাজানা পেয়ে যাবেন। জুনপুট লাগোয়া আরেকটি সৈকত বাঁকিপুট মাত্র ৩ কিলোমিটার দূরে। ঘুরে আসতে পারেন সেখান থেকেও। কাছেই দরিয়াপুরে রয়েছে একটি লাইটহাউজ। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কপালকুণ্ডলা মন্দির দেখতে ভুলবেন না।

কীভাবে যাবেন
জুনপুট যেতে হলে আপনাকে কাঁথি পৌঁছতে হবে। কলকাতা থেকে বাসে করে যাওয়া যায়, হাওড়া স্টেশন থেকে ট্রেনেও কাঁথি যেতে পারেন। সেখান থেকে জুনপুট ৯ কিলোমিটার। সাইকেল ভ্যানে করে আধঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। দিঘা থেকেও ট্যাক্সিতে যেতে পারেন জুনপুট।
কোথায় থাকবেন
জুনপুরে এসে থাকতে পারেন জুনপুট রিসর্টে (মোবাইল নম্বর ৯৮৩১২৭৬৬৫৬)। এছাড়া স্টার ভিউ রিসর্ট, স্টার ইন রিসর্ট. রিসর্ট হীরক জয়ন্তী, নীল নির্জনে রিসর্টেও থাকা যেতে পারে।
