রূপকথার গপ্পে সুমনের গান
ফের বাংলা চলচ্চিত্রে সঙ্গীতের দায়িত্বে কবীর সুমন। সৌজন্যে অনিকেত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথার গল্প অনুসরণে এই চলচ্চিত্রের চিত্রনাট্য সাজিয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়। তবে এই ছবিটি নিছকই রূপকথার গল্প, নাকি রূপকথার অন্তরালে লুকিয়ে থাকবে সমকালকে নিয়ে কোনো বার্তাও—তা জানা যাবে ছবিটি মুক্তির সময়েই।
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব। একসময় শোনা গিয়েছিল, রাজা হবুচন্দ্রের ভূমিকাতেও তিনি অভিনয় করবেন আর রানি কুসুমকুমারীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। কিন্তু, দেব এই ছবিতে অভিনয় করছেন না। রাজা হবুচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টপাধ্যায়কে, খরাজ মুখোপাধ্যায় রয়েছেন মন্ত্রী গবুচন্দ্রের ভূমিকায়। রানি কুসুমকুমারীর চরিত্রে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে।
ছবিটির শ্যুটিং শুরু হয়েছে কাল থেকেই। টিজারে শোনা যাচ্ছে ‘রাজার রাজত্বে সবাই আছে সুখে, রাজার কথা সবার মুখে মুখে’। এমন একটি রূপকথার গল্প নিয়ে হঠাৎ ছবি করতে আগ্রহী হলেন কেন অনিকেত, তার আভাস হয়তো ঐ কথাটির মধ্যেই লুকিয়ে। হাসির ছলেই ব্যঙ্গের আয়োজন হয়তো ভালোই থাকবে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-তে।
ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এখন থেকেই। তবে ছবির গল্প বা অভিনেতারা নন, ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র প্রধান আকর্ষণ আপাতত কবীর সুমন। ‘জাতিস্মর’-এর অসামান্য সাফল্যের পর কবীর সুমনের কাছ থেকে নতুন গানের অপেক্ষায় রয়েছেন দর্শক-শ্রোতারা। অবশ্য, অনিকেতের প্রকাশিতব্য ছবি ‘শঙ্কর মুদি’-র সঙ্গীতের দায়িত্বেও রয়েছেন সুমনই। এই ছবির মেজাজ ও চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে কী গান উপহার দেন সুমন, এখন সেটাই দেখার।