কলকাতার হিন্দি থিয়েটারে নতুন যুগ এনেছিলেন ঊষা গঙ্গোপাধ্যায়

কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায় প্রয়াত

প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। আজ সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর।

রাজস্থানের যোধপুরে জন্ম হয়েছিল তাঁর। পরবর্তীকালে কলকাতায় চলে এসেছিলেন। হিন্দি সাহিত্যে স্নাতকোত্তর করেন এখানেই। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে শিক্ষকতা করতেন। তারই পাশাপাশি কাজ শুরু করেন থিয়েটারে। ভরতনাট্যমে পারদর্শী ছিলেন। ১৯৭৬ সালে ‘রঙ্গকর্মী’ নামে থিয়েটার দল তৈরি করেন। নির্দেশনার জগতে পা রাখার আগে তৃপ্তি মিত্র, মৃণাল সেনের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। ১৯৮০-দশকে নির্দেশনার কাজ শুরু করেন।

হিন্দি থিয়েটারে নতুন আঙ্গিকে বেশ কিছু কাজ করেছিলেন উষা। ‘মহাভোজ’, ‘রুদালি’, ‘লোককথা’, ‘কোর্ট মার্শাল’-এর মতো একাধিক বিখ্যাত নাটকের পরিচালনা করেছেন। ‘গুড়িয়া ঘর’ নাটকে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানতা পান। ১৯৯৮ সালে ‘সংগীত নাটক অকাদেমি’ তাঁকে পুরস্কৃত করে। ‘রেনকোট’ ছবিতে ঊষা চিত্রনাট্যের কাজে ঋতুপর্ণ ঘোষকে সাহায্য করেছেন । 

নানান বিষয়ে তিনি সোচ্চারে মতামত রেখেছেন।  সমাজকর্মী হিসেবেও আদায় করে নিয়েছিলেন সবার শ্রদ্ধা। তাঁর প্রয়াণে কলকাতার হিন্দি থিয়েটারে একটি অধ্যায় সমাপ্ত হল। 
 

Developed by DXDasia