প্রশাসনের উদ্যোগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হল হস্তশিল্প ও রোজগার মেলা

দেখুন ভিডিও

সাবাংলার নিজস্ব হস্তশিল্পের পসরা নিয়ে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ-এ অনুষ্ঠিত হল সাতদিন ব্যাপী হস্তশিল্প, তাঁত ও রোজগার মেলা। মেলার আয়োজন করা হয়েছিল রায়গঞ্জ স্টেডিয়ামে। গত ৩ মার্চ এই রায়গঞ্জ হস্তশিল্প মেলা-র উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, মহকুমাশাসক কিংশুক মাইতি, অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

এই হস্তশিল্প মেলার আয়োজক পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি এবং বস্ত্র দপ্তর। উদ্যোগ নিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। প্রায় ৬০টি স্টলে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের জেলার কুটিরশিল্প-এর পসরা। উত্তর দিনাজপুর জেলার সুবিখ্যাত হস্তশিল্প, যেমন ধোকরা, বেত, পাট, মুখোশ ছাড়াও এই মেলায় ছিল পুরুলিয়ার ছৌ মুখোশ, বাঁকুড়ার টেরাকোটা, মুর্শিদাবাদের গামছা। কাঠের আসবাবপত্র থেকে বালুচরি, ধনেখালি শাড়ির পসরা নিয়েও বসেছিলেন অঞ্চলের মহিলা শিল্পীরা। 

উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মণ্ডল বঙ্গদর্শন.কম-কে জানান, “আমাদের মা-বোনেদের মেলা ছাড়া রোজগার করার পথ খুব কম। তাঁদের নিজেদের হাতে তৈরি দ্রব্যাদির প্রচার ও প্রসার, পাশাপাশি তাঁদের রোজগারের সুবন্দোবস্ত করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।”

এই হস্তশিল্প মেলার বেশ কয়েকটি স্টলে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। তাঁরা ওখানেই হাতে তৈরি করে জিনিস বানিয়ে বিক্রি করছেন।

Developed by DXDasia