গানওয়ালা : শতাধিক অশ্রুত বাংলা গানের সেরা সম্ভার

বঙ্গদর্শন.কম-এর নতুন প্রয়াস

বাংলাগানের বিপুলভাণ্ডারে বিবিধ রতন। কত কত শিল্পীর কত ধারার গান, তালিকা শেষ হবার নয়। চর্যাগীতি থেকে শুরু করে লোকগান, টপ্পা-ঠুংরি-কবিগান, পাঁচালি গান-পক্ষীর গান (রূপচাঁদ পক্ষী বা গৌরহরিদাস মহাপাত্র-র গান), কীর্তন-ভক্তিগীতি, বিষ্ণুপুর ঘরানা থেকে রবীন্দ্র-নজরুল-দ্বিজেন্দ্রলাল-রজনীকান্ত-অতুলপ্রসাদ পঞ্চকবির সংগীতধারা, যাত্রাগান-সিনেমার গান, পরবের গান থেকে পটের গান, সংগ্রামী চেতনার গান, শ্রমজীবীদের গান, ভাটিয়ালি থেকে ছাদপেটানোর গান, আধুনিক থেকে ব্যান্ডসংগীত – অখণ্ড বাংলার সম্পদ। তবে, বাংলাগানের সেই সম্পদ, সেই ঐতিহ্য, সেই সহস্রধারা আজ অনেকখানি ম্রিয়মাণ। কিছু কিছু তো কালের গর্ভে হারিয়েছে। ম্লান হয়েছেন অজস্র সংগীতশিল্পী। তাই, সময়ের বেড়াজালে ফিকে হতে বসা অমূল্য সব বাংলাগান ও শিল্পীদের এবার শ্রোতাদের কাছে হাজির করছে বঙ্গদর্শন.কম-এর নতুন প্রয়াস ‘গানওয়ালা’। সৌজন্যে পিঅ্যান্ডএম রেকর্ডস।

গানের যেমন এপার-ওপার হয় না, তেমনই বাঙালি-অবাঙালিও হয় না। এ কথা প্রাধান্য দিয়েই প্রায় বছর কুড়ি আগে রেকর্ড করা দুই বাংলার সংগীতশিল্পীদের নানা আঙ্গিকের গান ছাড়াও সারা ভারত থেকে তাবড় তাবড় অবাঙালি সংগীতশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীতের অশ্রুত সংগ্রহ পরিবেশন করবে বঙ্গদর্শনের গানওয়ালা।

ক্ষুদ্রতার গণ্ডিতে আটকে রাখা যায় না গান-কে। সে অর্থে গানের কোনো মানচিত্র হয় না। গানের যেমন এপার-ওপার হয় না, তেমনই বাঙালি-অবাঙালিও হয় না। এ কথা প্রাধান্য দিয়েই প্রায় বছর কুড়ি আগে রেকর্ড করা দুই বাংলার সংগীতশিল্পীদের নানা আঙ্গিকের গান ছাড়াও সারা ভারত থেকে তাবড় তাবড় অবাঙালি সংগীতশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীতের অশ্রুত সংগ্রহ পরিবেশন করবে বঙ্গদর্শনের গানওয়ালা। শোনা যাবে ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কর্ণাটকীয় উচ্চাঙ্গ সংগীতশিল্পী স্বর্গত ডঃ এম. বালমুরলীকৃষ্ণের কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ এবং ‘আগুনের পরশমণি’। আছে কে.জে. যেসুদাসের কণ্ঠে ‘আজি যত তারা তব আকাশে’, শুভা মুদগলের কণ্ঠে ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’।

গানওয়ালা-য় শোনা যাবে ‘আমার কথা আমার গান’ অ্যালবামের শ্রীকান্ত আচার্যর কণ্ঠে ‘যদি সব হতে’, অন্তরা চৌধুরীর ‘বলতে না পারা কথা’, রূপঙ্কর বাগচির ‘তুমি হয়ে তোমার কাছে’-র মতো প্রায় অশ্রুত গানগুলি। এছাড়া এই অ্যালবামের উপরি পাওয়া সংগীতশিল্পী ইন্দ্রজিৎ সেনের গান-সুর এবং প্রবীর মুখোপাধ্যায়ের কথা। ২০০৪ সালে ‘শান্তিনিকেতন শিশুতীর্থ’  নামে শিশুনিবাসের জন্য অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছিল। শিল্পীদের মধ্যে ছিলেন প্রয়াত মান্না দে, ইন্দ্রনীল সেন, অদিতি মহসিন, সন্জীদা খাতুন, লাইসা আহমেদ লিসা, এবং ইফফাত আরা দেওয়ান। শোনা যাবে সেই সমস্ত গান। 

এছাড়াও, শোনা যাবে অমিয়া ঠাকুর, সাহানাদেবী, প্রমিতা মল্লিক, মোহন সিং খাঙ্গুরা, খাইরুল আনম শাকিল, রনো গুহঠাকুতা, পবন দাস বাউল, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, বাসুদেব দাস বাউল, শান্তিনিকেতনের শিশুশিল্পীদের গান, শাস্ত্রীয় সংগীত, বাদ্যগীতি, পটের গান। বঙ্গদর্শন বরাবরাই পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে বাংলার ইতিবাচক দিক। চারিদিকে অতিমাত্রায় নেতিবাচকের আস্ফালন ও একঘেয়েমি কাটাতে এবার আমাদের ব্যতিক্রমী উদ্যোগ এই গানওয়ালা। দুই বাংলার বাংলাগানের এহেন সম্ভার আমরা ছড়িয়ে দিতে চাইছি বিশ্বপ্রাঙ্গনে। শ্রোতা বন্ধুদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে এমন উদ্যোগ আগে কখনও নেওয়া হয়েছি কিনা আমাদের জানা নেই।

প্রায় শতাধিক অ্যালবাম থেকে বাছাই করা অশ্রুত গান নিয়ে ‘গানওয়ালা’ শুনতে চোখ রাখুন বঙ্গদর্শন.কম-এর ইউটিউব চ্যানেল (*আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এখানে) ও ওয়েবসাইটে। ৫ অগাস্ট থেকে প্রতিদিন সকাল ৯টায়।   

Developed by DXDasia