বঙ্গ তনয়ার দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ
অতিমারির কারণে একের পর এক প্রতিযোগিতা বাতিল হওয়ায় ভাবতে পারেননি অলিম্পিক্সে যাওয়ার স্বপ্নপূরণ হবে। তবে হাল ছেড়ে না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। তারই ফলস্বরূপ এবার ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসাবে মহাদেশীয় কোটায় টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পেয়ে গেলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক।
প্রণতি নায়েক হলেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের এক সাধারণ পরিবারের একটি মেয়ে। প্রণতির বাবা একজন বাস ড্রাইভার। ঝাড়গ্রাম থেকে উঠে এসে যেভাবে প্রণতি নিজের স্বপ্নকে বাস্তবরূপ দিতে চলেছেন, তাতে প্রণতির সাফল্যকে কুর্নিশ করতেই হয়।
জিমনাস্টিকে দেশ-বিদেশের বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পদক জিতেছেন ২৬ বছরের এই তরুণী। তবে লক্ষ্য ছিল একটাই, অলিম্পিক। সেই লক্ষ্যে পৌঁছতে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। অবশেষে ২০১৯ সালে এশিয়ান আর্টিস্টিক জিমনাস্টিক চাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে জেলা, রাজ্য ও দেশকে গর্বিত করেন। কিন্তু ২০১৯ সালেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করতে না পেরে ভেঙে পড়েছিলেন তিনি। চিনের হ্যাংঝৌতে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ায় কোটার বিচারে প্রতিযোগীদের অলিম্পিক্সের টিকিট দেওয়া হয়েছে। 
তাঁর কথায়, “আগামী কয়েক মাস আরও বেশি পরিশ্রম করে অলিম্পিক্সে ভাল ফল করার চেষ্টা করব।”