বাংলার বুকে প্রথমবার আসতে চলেছেন হিটলার

হিটলারকে সম্পূর্ণ নতুন মোড়কে পর্দায় আনছেন পরিচালক ইলমাজ সইদ

ভারতে এখনও অবধি হিটলারকে নিয়ে সেরকম উল্লেখযোগ্য কাজ হয়নি। সেই শূন্যস্থান এবার পূরণ হবে ইলমাজ সইদ-এর ছবিতে। ছবির নাম “হিটলার আপসাইড ডাউন”। ইলমিশকা দুনিয়া প্রযোজিত এই ছবিতে হিটলারের ভূমিকায় অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। জার্মানির বিখ্যাত/কুখ্যাত নেতা হিটলারের ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন সম্পর্কে প্রচুর বিতর্ক রয়েছে। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে চরম ব্যর্থ হয়েছিলেন। যে কারণে একসময় তাঁকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবেই একসময় তুমুল জনপ্রিয় নেতায় পরিণত হন। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ১৯৩৯ সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

হিটলারের মৃত্যুর অনেক বছর পর তাঁকে নিয়ে লেখা হয়েছে একাধিক বই। নির্মিত হয়েছে ‘দ্য বাঙ্কার’, ‘দ্য ডেথ অফ অ্যাডলফ হিটলার’, ‘ডাউনফল’, ‘হিটলার দ্য লাস্ট টেন ডেজ’-এর মতো বহু উল্লেখযোগ্য ছবিও। গত ডিসেম্বর-জানুয়ারি নাগাদ শুটিং হয় সিঙ্গালিলা পাহাড়ের বিস্তৃত জায়গায়। সেসময় ওইসব অঞ্চলের তাপমাত্রা ছিল মাইনাস ৪ থেকে ৮ ডিগ্রির মধ্যে। ছবিটিতে হিটলার ছাড়াও রয়েছে তারা নামক একটি কাল্পনিক চরিত্র। সেই তারার ভূমিকায় অভিনয় করছেন মিশকা হালিম। ছবির গল্পে দেখানো হয় জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে হিমালয়ের উদ্দেশে পাড়ি দেন তারা (মিশকা হালিম)। আর সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় এই হিটলার সদৃশ এক চরিত্রের সঙ্গে। মিলিটারি পোশাক পরিহিত এবং হিটলারি গোঁফের মালিক এই ব্যক্তি নিজেকে স্বয়ং হিটলার বলে দাবি করেন। হিটলারের যৌনজীবন নিয়ে দীর্ঘদিন ইতিহাসবিদ এবং পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলেছে। হিটলার যে একজন উভকামী ছিলেন, তার প্রমাণও পাওয়া যায় কিছু কিছু গবেষণাধর্মী গ্রন্থে। তবে তাঁর কাজে তিনি নিজেই নিজের বিদ্বেষী হয়ে উঠছিলেন। কারণ সমকামি সম্পর্ক তিনি গ্রহণ করতে পারেননি একেবারেই। তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে বহু মেয়ের নাম। যাদের মধ্যে দু’জন আত্মহত্যা করেছেন। হিটলার এমন একজন মানুষ, যিনি তাঁর পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য ও রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছেন। ইভা ব্রাউনের সঙ্গে ছিল তাঁর ১৪ বছরের প্রেমের সম্পর্ক। হিটলার এবং ব্রাউন ১৯৪৫-এ এপ্রিলের শেষ দিকে বিয়ে করেছিলেন এবং আত্মহত্যার আগে পর্যন্ত চল্লিশ ঘন্টারও কম সময় একসঙ্গে ছিলেন। বহু ঘটনাময় জীবন ছিল তাঁর। তবে এই ছবিতে এতকিছু না দেখা গেলেও হিটলারের জীবনে ঘটে যাওয়া বহু তথ্যই উঠে আসতে পারে।

শোনা গেছে, ছবিটি এবছরের জুন মাসের মাঝামাঝি অনলাইনে আসতে চলেছে। বক্সঅফিস এইচডি অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে দেখা যেতে পারে এই ছবি। তবে তার আগে স্ক্রিনিং হবে বড়পর্দায়।

ছবি সৌজন্যে- ইউটিউব

Developed by DXDasia