নন্দীগ্রামের হাই-ভোল্টেজ লড়াইয়ে বিজেপিকে রুখতে এবার কৃষকদের মহাপঞ্চায়েত

সংযুক্ত কিষাণ মোর্চার স্লোগান ‘বিজেপিকে একটিও ভোট নয়’

দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তর ভারতে কৃষক আন্দোলনে নেতৃত্বাধীন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে ৪টি মহাপঞ্চায়েত সভা করার ডাক দেওয়া হয়েছে। মহাপঞ্চায়েতের অন্যতম স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। 

এই মুহূর্তে শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষের নজর নন্দীগ্রামের দিকে। রাজনৈতিক শিবির সেখানে কয়েকমাসের মধ্যেই বদলে গেছে। তৃণমূলের একসময়ের প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী এখন বিজেপি-তে। এদিকে ইতিহাস বলছে ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রাম হত্যাকাণ্ডে সে সময় লড়াইয়ের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের শরিক ছিলেন শুভেন্দু। তাঁর উত্থান তখন থেকেই। যদিও বাংলার নজর ছিল মমতার বন্দ্যোপাধ্যায়ের দিকে। ২০১১ সালে ৩৪ বছরের বাম-জমানাকে কার্যত পিছনে ফেলে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মানুষ সে ঘটনা আজও ভোলেনি। কিন্তু ২০২১-এর ভোটের একটাই নাম – নন্দীগ্রাম।

নন্দীগ্রামের এই লড়াইয়ের মুখ এবার দেশের কৃষকরা। নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় রাজধানী সীমানায় এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। বারবার ফোন করে কথা বলেছেন তাঁদের সঙ্গে, পাঠিয়েছেন দলীয় নেতাদেরও। রাজ্যের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা। তার মধ্যে উল্লেখযোগ্য নন্দীগ্রাম মহাপঞ্চায়েতে যোগদান। তাঁদের স্লোগান একটাই – ‘বিজেপিকে একটিও ভোট নয়’ (No Vote To BJP)।

কৃষক নেতাদের উপস্থিতিতে কলকাতায় মহামিছিল, স্লোগান- বিজেপিকে একটিও ভোট নয়

ইতিমধ্যেই গতকাল কৃষকদের একাংশ বক্তব্য রেখেছিলেন কলকাতার রামলীলা ময়দানে। আজ শহরে আসছেন সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে রাকেশ টিকাইত, হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব, বলবীর সিং রাজেওাল, গুরনাম সিং চাডুনি, দর্শন পাল, রাজারাম সিং, জুধবীর সিংয়ের মতো কৃষক নেতারা। বাংলার কৃষকদের উদ্দেশ্যে দেশের কৃষকদের চিঠি তুলে দেবেন নেতৃত্ব। আগামী ১৩ মার্চ নন্দীগ্রামে বসবে কৃষক-মজুর মহাপঞ্চায়েত। সূত্রের পাওয়া খবর, অন্তত দশ হাজার কৃষক সেখানে যোগ দেবেন।

রাকেশ টিকাইত, কৃষক নেতা

তারপরেই যাবেন জমি আন্দোলনের আরেক পীঠস্থান সিঙ্গুরে। সেখানেও হবে কৃষক-মজুর মহাপঞ্চায়েত। প্রসঙ্গত, এই সিঙ্গুরের ইতিহাসও আমাদের সকলের জানা। তৃণমূল সরকার গঠনের ক্ষেত্রে নন্দীগ্রামের পাশাপাশি সিঙ্গুরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

ইউনাইটেড কিষাণ মঞ্চের সদস্য হিমাংশু তেওয়ারি সাংবাদিক বৈঠকে বলেছেন, “বাংলায় আমরা ৪টি মহাপঞ্চায়েত করব। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা কৃষকদের অধিকারের জন্য লড়াই করছি। পশ্চিমবঙ্গের সকল মানুষ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। কৃষকদের সঙ্গে সময়মতো দিল্লিতে গিয়ে তাঁরা সমর্থনও দিয়েছেন। যাই হোক না কেন বাংলার মানুষ এই আন্দোলনে কৃষকদের পাশে রয়েছেন।”

অন্যদিকে সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধ কমিটির প্রধান তেজেন্দ্র সিং সাংবাদিক বৈঠকে বলেন, “কীভাবে কৃষক বিরোধী এই কালাকানুন নিয়ে আন্দোলন করতে প্রায় ২০০ জন কৃষক মারা গিয়েছেন তার কথাও আমরা বলব। তাদের নামে মিথ্যে পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বারবার আওয়াজ তুলব।”

রাজপথে কৃষকদের ট্রাক্টর মিছিল

সংযুক্ত কিষান মোর্চা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, যাবেন ভোটমুখী সব রাজ্যেই। সেখানে থাকবে তাঁদের একটাই স্লোগান, ‘বিজেপিকে একটিও ভোট নয়’ (No Vote To BJP)। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও নয়া কৃষি আইন বাতিলের দাবি না মেটায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এই অবস্থায় ঠিক ভোটের মুখে রাজ্যে কৃষকদের মহাপঞ্চায়েত বিজেপির অস্বস্তি বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

রাজ্য সরকারের নীতি অনুযায়ী, দশ বছরের শাসনকালে শিল্পের জন্য কোনও বড়ো জমি অধিগ্রহণ করা যাবে না। ২০০৬-২০০৮ সালে সিঙ্গুর ও নন্দীগ্রাম কৃষক আন্দোলন এবং ওড়িশার কলিঙ্গনগর আন্দোলন ১৮৯৪ সালের পুরোনো জমি অধিগ্রহণ আইন বাতিলে ভূমিকা রেখেছিল। ২০১৩ সালে যা কৃষকদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও স্বচ্ছভাবে জমি অধিগ্রহণ তথা পুনর্বাসন আইনে পরিণত নয়।

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২১-এ কৃষকদের দাবি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র ভারত নয়, বিশ্বের নানা প্রান্তের দিকপালরাও সোচ্চার হয়েছিলেন কৃষকদের পক্ষে কথা বলে। এখন নন্দীগ্রামের হাওয়া কোনদিকে বয়, সে নজর থাকবে গোটা বাংলার।

Developed by DXDasia