‘নন্দীগ্রামের আরেক নাম সংগ্রাম’: মমতা বন্দ্যোপাধ্যায়

মনোনয়নপত্র জমা দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘ভেজাল হিন্দু’, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ঠিক এই শব্দবন্ধই ব্যবহার করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সারা বাংলা তথা ভারত এখন তাকিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে, আর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে ‘হাইভোল্টেজ’ কেন্দ্র নন্দীগ্রামে। এদিকে, সব জল্পনার অবসান ঘটিয়ে ১০ মার্চ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হলদিয়ার মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তৃণমূল নেত্রী।

মনোনয়ন জমা দেওয়ার এক দিন আগেই নন্দীগ্রামে চলে এসেছিলেন মমতা। নন্দীগ্রাম থেকে কপ্টারে চেপে হলদিয়ায় এসে পৌছন, তার পর মঞ্জুশ্রী মোড় থেকে ১ কিলোমিটার পদযাত্রা করে মহকুমাশাসকের দফতরে পৌঁছন। তার পর প্রক্রিয়া মেনে মনোনয়নপত্র জমা দেন।  ঘটনাচক্রে, তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও এই মুহুর্তে নন্দীগ্রামে রয়েছেন। সকালে সেখানে একটি সভাও করেন তিনি। সেখান থেকেই মমতাকে ‘ভেজাল হিন্দু’ বলে কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে, মমতা মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকে বলেন, ‘নন্দীগ্রাম আমার কাছে নতুন নয়। নন্দীগ্রাম আন্দোলনের শরিক ছিলাম। নন্দীগ্রামের আরেক নাম সংগ্রাম। নন্দীগ্রাম আমায় ভোট দেবে। নন্দীগ্রামের মানুষকে স্যালুট।’ এদিন মমতার মনোনয়নপত্র জমা ঘিরে তুমুল উদ্দীপনা ছিল তৃনমূল কর্মীদের মধ্যে। জমায়েতের মধ্য থেকে স্লোগান ওঠে ‘শুভেন্দু হঠাও’।

   

Developed by DXDasia