দেখুন ‘পার্সেল’ টিমের এক্সক্লুসিভ ভিডিও ইন্টারভিউ
ছোটো ছোটো আশা আকাঙ্ক্ষাগুলো ঘরের মধ্যে চুপটি করে বসে থাকে। খেয়াল হয় কখন জানি বাড়ির কলিং বেল বেজে উঠল। পার্সেল এল। নতুন অতিথি হয়ে এল। একটা হঠাৎ আসা পার্সেল আমাদের অবাক করে, আনন্দও দেয়। অন্যদিকে আবার যেকোনো সম্পর্কে ভয় নামক শব্দটা ঢুকে পড়লে তা উলোটপালোট করে দিতে পারে ব্যক্তিগত স্তরকে। ভয়ের প্রভাব পড়তে থাকে ক্রমশ। পরিচালক ইন্দ্রাশিস আচার্য শক্তিশালী গল্প বুনতে জানেন। তাঁর নতুন ছবি পার্সেল আদতে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। এই ছবি দেখতেই গতকাল অর্থাৎ ১৪ নভেম্বর নন্দন ২-তে ভিড় জমিয়েছিলেন দর্শকরা।
২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কম্পিটিশন ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজস ফিল্মস-এ মনোনীত হয়েছে ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি পার্সেল। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পার্সেল’ ছবির সাংবাদিক বৈঠক। ছবি – শ্রেয়ণ।
এই ছবি মূলত সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী।সম্পর্কের চোরা বাঁক এবং মানসিক টানাপড়েনে জর্জরিত এক মহিলার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। একটি পার্সেলকে কেন্দ্র করেই ছবি শুরু হয়। প্রথম দৃশ্যেই দেখা যায় একজন গৃহবধূ দরজা খুলে অপরিচিত ব্যক্তির হাত থেকে একটি পার্সেল নিচ্ছেন৷ তারপর ওই পার্সেলকে কেন্দ্র করেই এগোবে গল্প৷ ‘ভয়’ নামক শব্দটি একটি সম্পর্কে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য৷ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দামিনী বেণী বসু, অম্বরীশ ভট্টাচার্য এবং শ্রীলা মজুমদার। এর আগে ইন্দ্রাশিসের প্রথম দুটি ছবি বিলু রাক্ষস এবং পিউপা দেশ-বিদেশের প্রচুর সম্মানে ভূষিত হয়েছিল। মুক্তির আগে পার্সেল এই প্রথম কলকাতায় দেখানো হল।
বঙ্গদর্শনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পরিচালক ইন্দ্রাশিস আচার্য শোনালেন তাঁর এই ছবির জার্নির গল্প। উঠে এল সমকালীন প্রাসঙ্গিক কিছু কথাও। আমাদের সঙ্গে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং জয় সরকার। পুরো সাক্ষাৎকারটি আপনি দেখতে পাবেন উপরের লিংকে ক্লিক করলেই।