এবার সাধারণের জন্য গরুমারা-মূর্তি-লাটাগুড়িতে শুরু হল হাতি সাফারি

এত দিন পর্যন্ত শুধুমাত্র সরকারি বন বাংলোতে থাকলেই হাতি সাফারির সুযোগ মিলত গরুমারায়

শুধুমাত্র জলদাপাড়ায় নয়, এবার গরুমারা, মূর্তি, লাটাগুড়ি অথবা ধূপঝোরা জঙ্গলেও শুরু হল হাতি সাফারি। এত দিন পর্যন্ত শুধুমাত্র সরকারি বন বাংলোতে থাকলেই হাতি সাফারির সুযোগ মিলত গরুমারায়। তবে, বন দপ্তরের তরফে ঘোষাণা করা হয়েছে, এবার সরকারি বন বাংলোতে থাকা পর্যটক ছাড়াও সব স্তরের পর্যটকরা হাতির পিঠে চেপে জঙ্গল সফরের সুযোগ পাবেন। সেইমত ১ ডিসেম্বর থেকে চালু হয়ে গেল পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় হাতি সাফারি।

করোনা, লকডাউনের জেরে দীর্ঘদিন পর্যটকদের জন্য বন্ধ ছিল জঙ্গল সাফারি। জলদাপাড়ার মতো গরুমারাতেও সকল স্তরের পর্যটকদের জন্য হাতি সাফারি চালু করার দাবি জানিয়েছিল গরুমারা ট্যুরিজম অ্যাসোসিয়েশন। গত ২৩ নভেম্বর থেকে হাতি সাফারি শুরু হওয়ার কথা ছিল গরুমারার জঙ্গলে। সেই সাফারির টিকিট শুধুমাত্র দেওয়া হচ্ছিল লাটাগুড়ি থেকে। হাতি সাফারির টিকিট মূর্তি থেকে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দিয়ে অফলাইন টিকিটের পরিবর্তে অনলাইন টিকিট কাটার পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। মাথা পিছু জঙ্গলে প্রবেশ মূল্য ১২০ টাকা এবং হাতি সাফারির মূল্য ৯০০ টাকা, সবমিলিয়ে ১,০২০ টাকা। রিপোর্টিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে মূর্তি সংলগ্ন ধুপঝোরাকে। সেকারণে খুশি মূর্তি এলাকার পর্যটন ব্যবসায়ীরা, খুশী পর্যটকরাও।

 

 

Developed by DXDasia