আলাপচারিতায় শমীক বন্দ্যোপাধ্যায় এবং বিপ্লব দাশগুপ্ত – প্রসঙ্গঃ সৌমিত্র চট্টোপাধ্যায়
আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন। তাঁকে নিয়ে কথা বলছেন প্রখ্যাত শিল্প-সমালোচক, শিক্ষক শমীক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। সেই সঙ্গে বঙ্গদর্শনের পাঠককে মনে করিয়ে দেওয়া, আজ থেকে শুরু হল বঙ্গদর্শনের নতুন বিভাগ “এবং বিপ্লব”। বিপ্লব দাশগুপ্তের সঙ্গে প্রতি সপ্তাহে আড্ডা জমাবেন বাংলার প্রখ্যাত ব্যক্তিত্বরা। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই আলোচনার আজ প্রথম পর্ব। শেষ পর্ব দেখা যাবে আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঠিক দুপুর ৩টেয়। বঙ্গদর্শন এখন শুধু পড়া নয়, দেখাও।
সম্ভবত সৌমিত্র চট্টোপাধ্যায়-ই একমাত্র অভিনেতা, যাঁকে এখনও আমরা আমাদের সামাজিকভাবে হারাতে বসা বিবেকের দায় অর্পণ করতে পারি নিশ্চিন্তে। তাঁর সামান্য সময়ের হাসিটুকু আমাদের দীর্ঘদিন হারিয়ে যেতে বসা বিবেকটুকুকে মনে করায়। তাঁর অভিনয় শিল্প, তাঁর আবৃত্তি কিংবা কবিতায় নয়। তাঁর সারাজীবনের কাজের মধ্যে জাগরূক যে মানবিক বিবেক, তাঁর সারাজীবনের লালিত সাম্যবাদী আদর্শগুলি হয়তো বাঙালি ভুলতে চায়নি, ভুলতে পারবেও না। তাই তিনি যখন অসুস্থ ছিলেন, আমরা তাঁর সুস্থতার মধ্যে আমাদের ষাট সত্তর আশির কিংবা নব্বই দশকের আলুথালু অথচ আদর্শে ঋজু বাঙালি জীবনের হারিয়ে যাওয়ার কথা ভাবতে পারছিলাম। তিনিই লিখতে পারেন, ‘পড়ে থাক রাজবংশ বৈভব যা কিছু/ সব ছেড়ে চলে যেতে পারে ভালোবাসাই’। এই ক্রেডিট কার্ডের ছিপছিপে দশকে এসে এমন একজন শিল্পীর বিবেককে আমাদের দরকার হয়ে পড়ে। যে বিবেকের সঙ্গে জড়িয়ে আছে অসম্ভব এক কর্মী মানুষ। অসম্ভব এক নিপুণ মন।