দক্ষিণ কলকাতার অন্যতম বড়ো পুজোগুলির মধ্যে একটি হল ত্রিধারা
আজ এই মুহূর্তে যে ভাবনায় আমি আপনি অবিচল, পরমুহূর্তে বা আগামীকাল থেকে সেই ভাবনা হঠাৎ বদলে যেতে পারে। কিন্তু মানুষ বাঁচে বর্তমানে। এই মুহূর্তে আমার বা আপনার অবস্থান কী, সেটাই সবচেয়ে জরুরি। এই ভাবনার দোলাচল এবং টানাপোড়েন থেকে তৈরি হয় মানুষে মানুষে বিভেদ। তারপর লড়াই শুরু হয়। সেই লড়াই কখনও মাঠে নেমে, আবার কখনও তা চাপা। অসুরের বিরুদ্ধে লড়াই এবার দক্ষিণ কলকাতার ত্রিধারা অকালবোধনে। সেখানে সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের ভাবনা প্রত্যক্ষ করবেন দর্শকরা। থিমের নাম দেওয়া হয়েছে ‘দৃষ্টিকোণ’। শিল্পী- জাতীয় পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গ কুইলা।
থিমের সঙ্গে সাযুজ্য রেখে এবার ত্রিধারায় আবহ নির্মাণ করেছেন অনুপম রায়। দক্ষিণ কলকাতার অন্যতম বড়ো পুজোগুলির মধ্যে একটি হল ত্রিধারা। পুজোর পাঁচ-ছয়দিন দর্শকের জনস্রোত বুঝিয়ে দেয় ত্রিধারা নিয়ে মানুষ কতটা আশাবাদী। এবারেও তার ব্যতিক্রম হবে না। উত্তর বনাম দক্ষিণের লড়াই-এ বারবার জ্বলজ্বল করবে ত্রিধারার নাম।