‘ভিআইপি পাস’ উঠে গেলে এঁদের মণ্ডপ-প্রতিমা দেখা কঠিন হয়ে যাবে
বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষমরা যাতে সহজে পুজো দেখতে পারেন, সেদিকে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁদের সেই সুযোগ করে দেওয়া এবং বিশেষ পাসের বন্দোবস্ত করার জন্য পুজো উদ্যোক্তাদের বার্তা দিলেন। পাশাপাশি ক্লাবের সঙ্গে যুক্তদের বা পাড়ার লোকেদের সুবিধার জন্য ‘কার্ড’-এর মাধ্যমে ছাড়ের আবেদন করেছিল ফোরাম ফর দুর্গোৎসব। সেই আরজি মেনে ‘ক্লাব ইনভাইটি’ বা আমন্ত্রিত কার্ডের অনুমোদন দিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধ-বৃদ্ধাদের পাশাপাশি অনাথ, দুঃস্থ বা শারীরিক, মানসিকভাবে অক্ষম মানুষদের পুজো দেখার ব্যবস্থা করা হয়ে থাকে। বিভিন্ন সংগঠন এই ব্যবস্থায় পুজো কমিটিগুলিকেও যুক্ত করে। ‘ভিআইপি পাস’ উঠে গেলে এঁদের মণ্ডপ-প্রতিমা দেখা কঠিন হয়ে যাবে। মূলত এই কারণেই মুখ্যমন্ত্রী ফোরামের প্রস্তাবটি গ্রহণ করেন।
মন্ত্রী-আমলাদের জন্য যদিও আলাদাভাবে কোনও ‘পাস’ থাকবে না। তবে তাঁদের কীভাবে পুজো-চত্বরে ‘এন্ট্রি’ দেওয়া যেতে পারে, তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে পুজো উদ্যোক্তাদের।