
বাংলার এক প্রাচীন শিল্পকর্মকে জিইয়ে রাখার প্রচেষ্টা
শারদোৎসব দেশের মাটিতেই হোক বা বিদেশে, উন্মাদনায় এক্কেবারে এক! ঠিক যেমন বস্টনের এই পুজো। তাদের এ বারের থিম: মজিলপুর পুতুল ঘরানা। যার সবটুকু জুড়ে আছে বাংলার রূপ-রস-গন্ধ।

প্রতি বছর বস্টন দুর্গাবাড়ির মণ্ডপসজ্জায় মিশে থাকে ভরপুর বাঙালিয়ানা
প্রবাসী বাঙালির কানে সবসময় বাজে ঘরে ফেরার সুর। প্রতি বছর বস্টন দুর্গাবাড়ির মণ্ডপসজ্জায় তাই মিশে থাকে হাতে বানানো নকশাদার হাতপাখা বা রঙচঙে কুলো অথবা তুলসীমঞ্চ।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অন্তর্গত বস্টনের দুর্গাবাড়ির এবারের থিম মজিলপুরের পুতুল। প্রবাসী বাঙালির কানে সবসময় বাজে ঘরে ফেরার সুর। প্রতি বছর বস্টন দুর্গাবাড়ির মণ্ডপসজ্জায় তাই মিশে থাকে হাতে বানানো নকশাদার হাতপাখা বা রঙচঙে কুলো অথবা তুলসীমঞ্চ। পুজো কমিটির পক্ষ থেকে মধুবাণী ঘোষ বঙ্গদর্শন.কম-কে জানিয়েছেন, “এবার দুর্গাপুজোয় আমরা প্যান্ডেলের কোণায় কোণায় রেখেছি পশ্চিমবঙ্গের মাটির ছোঁয়া। শ্রী শম্ভুনাথ দাসের বানানো মজিলপুরের পুতুলের রং এবার আমাদের মণ্ডপসজ্জায়, আমাদের চেতনায়, আমাদের মননে। অতিথিরা যদি এই মাটির পুতুলগুলি কিনতে চান আমরা সে ব্যবস্থাও রেখেছি। এর ফলে বাংলার এক প্রাচীন শিল্পকর্মকে জিইয়ে রাখার প্রচেষ্টাও আমাদের এই বছরের শারদোৎসবের প্রাণপ্রতিষ্ঠা করেছে।”

মজিলপুর পুতুল ঘরানার উত্তরসূরি শম্ভুনাথ দাস
বাংলার গর্ব তার ঐতিহ্যশালী লোকায়ত শিল্প, কুটিরশিল্প। সেসবের মধ্যে বোধহয় সবথেকে বিখ্যাত বাংলার পুতুলশিল্প। বাংলার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে রয়েছেন অগুনতি পুতুলশিল্পী, প্রত্যেকের রয়েছে নিজস্ব ঘরানা, যা বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে। তাদের মধ্যেই অতুলনীয় কৃষ্টিতে ভাস্বর মজিলপুরের পুতুল।
শিয়ালদহ স্টেশন থেকে ডাউন রেললাইন চলে গেছে নামখানা পর্যন্ত। তার পূর্বদিকে গেলে পড়ে মজিলপুর। সুন্দরবন অঞ্চলের আদিগঙ্গার প্রবাহপথে রয়েছে মজিলপুর শহর। ১৭ শতকে এই এলাকায় জনবসতির গোড়াপত্তন হয়। ঐতিহাসিক এই অঞ্চল বিখ্যাত তার পুতুলশিল্পের জন্য।
মজিলপুর পুতুল ঘরানা নিয়ে বলছেন শম্ভুনাথ দাস, দেখুন ভিডিও
বাংলার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে রয়েছেন অগুনতি পুতুলশিল্পী, প্রত্যেকের রয়েছে নিজস্ব ঘরানা, যা বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছে সারা পৃথিবীর কাছে। তাদের মধ্যেই অতুলনীয় কৃষ্টিতে ভাস্বর মজিলপুরের পুতুল।
প্রায় দুই শতক আগে, যখন যশোহরের দত্ত জমিদারেরা জয়নগরের মজিলপুরে চলে আসেন, সঙ্গে এনেছিলেন পুরোনো পেয়াদাদের। সেই পেয়াদাদের একজন কালীচরণ। অবসরে মাটির মূর্তি গড়া ছিল তাঁর শখ। পুতুলগুলির নাম দিয়েছিলেন টেপা পুতুল। শুরুতে জমিদার বাড়ির শিশুরা খেলতো, ধীরে ধীরে সেই পুতুলের খ্যাতি ছড়িয়ে পড়ে। পরে কালীচরণের ছেলে জানকীনাথ দাসের হাত ধরে মজিলপুরের নিজস্ব কৃষ্টি আর শিল্পশৈলীর ঘরানা গড়ে ওঠে। জানকীনাথের উত্তরসূরী মন্মথনাথের হাত ধরে সারা বাংলায় পরিচিতি পায় মজিলপুরের পুতুল। বর্তমানে সেই পুতুল ঘরানাকে একা হাতে বহন করে নিয়ে চলেছেন শম্ভুনাথ দাস। একাই রক্ষা করছেন পারিবারিক শিল্প-শিক্ষা আর বাংলার শিল্প ঐতিহ্যকে।

এ বছরের পুজোর প্রস্তুতি
শম্ভুবাবুর কথায়, এই পেশায় আসতে অনিচ্ছুক পরবর্তী প্রজন্ম। এখন সস্তার প্লাস্টিকের পুতুল বাজারে ছেয়ে গেছে। মাটির পুতুল তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। সেই অনুপাতে দাম পাওয়া যায় না সবসময়। বর্তমান সময়ে মজিলপুরের পুতুলের বৈশিষ্ট্য হল পুতুল তৈরিতে এক-খোল এবং দু-খোল ছাঁচের ব্যেবহার। এছাড়াও বিনা ছাঁচে, শুধুমাত্র হাত দিয়েও অনেক পুতুল গড়া হয়। হাতে বানানো পুতুলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- মানিকপির, আটেশ্বর, দক্ষিণেশ্বর, পঞ্চানন ইত্যাদি। মোটামুটি তিনভাগে ভাগ করা যায় পুতুলগুলিকে। লৌকিক, সামাজিক আর পৌরাণিক। পুতুলে জৈবিক গুঁড়ো রং ব্যবহার করা হয়। যেহেতু, শম্ভুবাবুর পরে এই পুতুল ঘরানার কোনও উত্তরসূরি থাকবে না, এবছর বস্টনের দুর্গাবাড়ির পুজোমণ্ডপ মজিলপুর পুতুল ঘরানার প্রতি উৎসর্গীকৃত।

মজিলপুরের ঐতিহ্যবাহী পুতুল
পুরো মণ্ডপটিই সেজে উঠছে *দ্য বেঙ্গল স্টোর-এর পাঠানো, শম্ভুনাথবাবুর বানানো মজিলপুরের যাবতীয় পুতুল সম্ভারে। তার মধ্যে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী যেমন থাকছে, তেমনই থাকছে শিব, শিব-পার্বতি, গণেশ জননী, কালী, রাধাকৃষ্ণ যুগলমুর্তি, আহ্লাদ-আহ্লাদী, কলসি কাঁধে মেয়ে, গ্রামের মেয়ে, বেনেবউ, বাবু সংস্কৃতিকে কটাক্ষ করে তৈরি বাবু পুতুল। পুজো কমিটির তরফে জানা গেছে, পুজোর কদিন মণ্ডপে সারাক্ষণই চলবে শম্ভুনাথ দাসকে নিয়ে বানানো একটি চলমান-চিত্র। দুর্গাপুজোর মাধ্যমে এভাবেই বিদেশের মাটির সঙ্গে মিশে যাচ্ছে বাংলার মাটি – মজিলপুরের পুতুল আখ্যান।
___________________
*গোটা বাংলার ২৩টি জেলার সেরা সম্ভার এক জায়গায় নিয়ে এসেছে দ্য বেঙ্গল স্টোর। বিপণিতে রয়েছে বিলুপ্তপ্রায়, বিরল পুতুল সম্ভার। বাংলার বিভিন্ন জেলার শিল্পীদের থেকে সরাসরি পুতুল সংগ্রহ করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে। সেভাবেই, গত কয়েক বছর শম্ভুনাথ দাসের থেকে তারা সংগ্রহ করছে মজিলপুরের পুতুল। উদ্দেশ্য, মজিল ঘরানার একমাত্র জীবিত উত্তরসূরির কৃষ্টিকে আবিশ্বে পৌঁছে দেওয়া। শুধুমাত্র এই বিপণির জন্যই মজিলপুর ঘরানায় দুর্গা পুতুল সংযোজন করেছেন শম্ভুবাবু।
দ্য বেঙ্গল স্টোর থেকে বাংলার বিভিন্ন হস্তশিল্প সংগ্রহ করতে পারেন এখানে। ঠিকানা : ১২৭, যোধপুর পার্ক, কলকাতা।
