কাকড়াঝোড়ে দিন দুয়েক

বাংলার অপূর্ব সুন্দর টুরিস্ট স্পটে কাটিয়ে আসুন উইকএন্ড

ঝাড়গ্রাম জেলার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম কাকড়াঝোড়। সেগুন, মহুয়া আর কেন্দুগাছে ঢাকা এই জঙ্গল। দূরের শহর থেকে দুটোদিন জঙ্গলে বসবাস শরীর মনকে যেন চাঙ্গা করে দেয়। দুদিনের জন্য ঘুরে আসার সঠিক জায়গা এই কাকড়াঝোড়। পায়ে হেঁটে কিছু দূরে অবস্থিত ময়ূরঝর্না পাহাড়ে ঘুরতে যেতে পারেন। দেখা মিলবে ময়ূর, হরিণ, ভাল্লুক ও খরগোশের দলের। জলাশয়ের কাছে বসন্তকালে দেখা মেলে নাম-না-জানা হাজারো পাখির।

 

সবুজে ঘেরা সারিসারি শাল-সেগুনের জঙ্গলের মধ্যে মাটি বাড়ি। এখানের মাকুলি ফলসটি জঙ্গলের যেন প্রাণ সঞ্চার করে চলেছে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেই দেখেনিতে পারেন ঘাঘড়া জলপ্রপাত। তারফেনি নদীর উপর তৈরি এই জলপ্রপাতটি। ঝাড়গ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় উনপঞ্চাশ কিমি। আগে এইসব জায়গায় থাকার ব্যবস্থা ছিল না। বর্তমানে স্থানীয় মানুষরা এগিয়ে এসেছেন অপূর্ব সুন্দর এই ঝাড়গ্রামকে মানুষের কাছে তুলে ধরতে। গড়ে উঠেছে বেশ কিছু হোমস্টে। তবে ঝাড়গ্রাম শহরে থেকেও গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারেন এই সব জায়গা। এছাড়া কাছাকাছি অবস্থিত দেখার মত জায়গা খান্দার্নি বাঁধ, লালজোলা পাহাড়, ঝিলিমিলি পাহাড়, মুকুটমণিপুর। ঝাড়গ্রাম রাজবাড়িতেও একদিনের জন্য থাকতে পারেন রাজার হালে।

 

হাওড়া থেকে ঘাটশিলাগামী ট্রেনে করে পৌঁছাতে হবে ঘাটশিলা। কাকড়াঝোড়ে হোমস্টের ব্যবস্থা আগে থেকে করা থাকলে তাদের ফোন করতে হবে। তারাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তাছাড়া ঝাড়গ্রামে থেকেই গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকার জন্য আগে থেকে ফোন করে ব্যবস্থা করলে ভালো হয়।

 

Developed by DXDasia