চার্চে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে
গত এক মাস বিশ্ববাসীর জীবন অনেকটাই পাল্টে গিয়েছে একটা ভাইরাসের জন্য। যাবতীয় উৎসব-আনন্দ আজ তাই ফিকে। গতকালই সবেবরাত হয়ে গেল। আজ গুড ফ্রাইডে। বিশ্ববাসীর কাছে তাই আবেদন জানানো হয়েছে, বাড়িতে বসেই দিনটা পালন করতে হবে প্রত্যেককে। করোনার জন্য এবছর গুড ফ্রাইডের সমস্ত অনুষ্ঠান বন্ধ। চার্চে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধে ৬টার ঘণ্টা বাজার পর বাড়িতে বসেই উপোস ভাঙবেন ভক্তরা। পৃথিবী-সহ পশ্চিমবঙ্গের চিত্রটাও একইরকম। কৃষ্ণনগর রোমান ক্যাথলিক চার্চের সম্পাদক জানিয়েছেন, শোভাযাত্রা এবছর বন্ধ রাখা হয়েছে। চার্চের ভিতরের সমস্ত অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।
কৃষ্ণনগরের মতোই রানাঘাট, তেহট্ট ও করিমপুরে চার্চের সমস্ত অনুষ্ঠানও ইন্টারনেটের মাধ্যমে সম্প্রচারিত হবে। পাশাপাশি কলকাতার সেন্ট পল্স ক্যাথিড্রাল চার্চ কর্তৃপক্ষও ঠিক একই সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা অনুরোধে করেছেন, এই দিনটা যেন প্রত্যেক ভক্ত বাড়িতে বসেই কাটান। অন্যদিকে মুরুটিয়া চার্চ সুত্রে জানা গিয়েছে, গুড ফ্রাইডের দিন প্রোটেস্ট্যান্টরা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত প্রার্থনায় যোগ দেন। এ বছর চার্চের প্রার্থনায় জনসাধারণের অংশগ্রহণ বন্ধ করা হয়েছে ও বাড়িতেই প্রার্থনা করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে CNI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে গুড ফ্রাইডের যাবতীয় অনুষ্ঠান। সেই সঙ্গে বিশপস হাউসের ইউটিউব থেকে দেখা যাবে সন্ধের প্রার্থনা।