১ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খুলতে চলেছে এ রাজ্যের সিনেমা হল
পুজোর আগেই সিনেপাড়া, থিয়েটারপাড়ায় খুশির খবর। ১ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খুলতে চলেছে এ রাজ্যের সিনেমা হল এবং অন্যান্য অডিটোরিয়াম। একথা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সব জায়গায় সামাজিক দূরত্ববিধি মেনে সব আয়োজনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর আগে এই ঘোষণায় খুশি সিনেমা, থিয়েটার, যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকে।
১ অক্টোবর থেকে যাত্রাপালা, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সংগীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, কবিতা পাঠ, এবং ম্যাজিক শো-র মতো অনুষ্ঠান ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত করা যাবে। প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। হলে ঢোকার আগে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এই ঘোষণায় খুশি সব্বাই। দীর্ঘ ছয় মাস বিনোদন জগতের সঙ্গে জড়িত একাধিক মানুষের বিশেষ কোনো রুজি-রুটি ছিল না। এখন সিঙ্গেল স্ক্রিনের মালিকরাও মুখে চওড়া হাসি দিয়েছেন। কারণ আর কিছু মাস হলেই একাধিক সিঙ্গেল স্ক্রিন চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হত। এখন যেমন আবার নতুন যাত্রাপালা লিখতে শুরু করেছেন অভিনেতা/নির্দেশক অনল চক্রবর্তী। পুজোয় কোন কোন সিনেমা মুক্তি পাবে তার লিস্ট বানাতে শুরু করছেন প্রযোজক, ডিস্ট্রিবিউটাররা। নতুন নাটকের মহড়া শুরু করছেন দেবেশ চট্টোপাধ্যায়, পৌলোমী চট্টোপাধ্যায়, গৌতম হালদার। আকাদেমিতে যিনি দর্শকদের টর্চের আলো দেখান, সেই সজল দাসও নতুন ব্যাটারি কিনেছেন। এই হাসিগুলো এবার রয়ে যাক, এমনটাই চাইছেন সর্বস্তরের মানুষ।
