কলকাতায় ক্রিসমাস – মহামারির বিরুদ্ধে জীবনের উদযাপন

পার্ক স্ট্রিট ক্রিসমাস কার্নিভাল ২০২০

প্রায় সারা বছর ধরে চলল কোভিডের তাণ্ডব। ২০২০ সালকে ইতিহাস মনে রাখবে অতিমারির জন্য। আপনজনকে হারালেন কত মানুষ, পৃথিবী বদল গেল অনেক দ্রুত – হয়তো চিরকালের মতো। কিন্তু নৈরাশ্য দিয়ে বছরটাকে শেষ করতে মন চায় না। বরং মহামারির বিরুদ্ধে জীবনের উদযাপন করে নতুন বছরকে স্বাগত জানাব আমরা।
 
কলকাতার এক প্রধান উৎসব ক্রিসমাস। জাতি-ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ তাতে অংশ নেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, নির্দিষ্ট সময়ে পার্ক স্ট্রিটে আয়োজিত হবে ক্রিসমাস কার্নিভাল। তবে থাকবে কিছু বিধিনিষেধ। সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের বিধায়ক এমএস ক্যালভার্ট, পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গে পর্যটন উন্নয়ন নিগমের এমডি কৌশিক ভট্টাচার্য। 

তবে খাবারের কোনো স্টল এবার থাকছে না। শুধু পর্যটন এবং ফার্স্ট এইডের স্টল থাকবে। ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টেয় কার্নিভালের উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতো অ্যালান পার্কে এবারও লাইভ পারফরমেন্স হবে। পার্কের বাইরে কোনো অনুষ্ঠান থাকছে না। ভিতরে সবথেকে বেশি ১৫০ জনকে ঢোকার অনুমতি দেওয়া হবে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা হবে কঠোরভাবে। ফেসবুক লাইভে অনুষ্ঠান দেখতে পাবেন সবাই।  

শুধু কলকাতা নয়, জেলায় জেলায় আয়োজিত হবে উৎসব। দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুলি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, বারুইপুরের গির্জাগুলি এবং অন্যান্য বিশেষ কিছু জায়গা ঝলমলিয়ে উঠবে আলোয়। একইভাবে মহানগরের পার্ক স্ট্রিট আলোয় সাজবে জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত। নতুন বছর নিয়ে আসুক খুশির বার্তা, নিশ্চিহ্ন হোক মহামারি। সেই আশা নিয়েই ২০২০ সালকে আমরা বিদায় জানাব। 
 
 
 

Developed by DXDasia