শৈশবের হারিয়ে যাওয়া খেলা আবার ফিরে আসবে পুজোয়

মণ্ডপসজ্জায় নেই কোনো প্লাস্টিকের ব্যবহার

ডাংগুলি, ইকিরমিকির, চোর-পুলিশ, কুমিরডাঙা – বাংলার ঐতিহ্যবাহী এই খেলাগুলোকে ভুলতেই বসেছে ইন্টারনেট-লালিত প্রজন্ম। ছোটোবেলার নস্টালজিয়ায় প্রাণবন্ত সেই খেলাগুলোকে নতুনভাবে ফিরিয়ে আনতে চলছে মহানগরের একটি পুজো কমিটি।

পাটুলির শান্তি সংঘ ক্লাবে এবারের থিম ‘স্মৃতিটুকু থাক’। গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া খেলাগুলোকে মণ্ডপে নতুনভাবে উপস্থাপিত করার দায়িত্বে রয়েছেন শিল্পী রণজিৎ বিশ্বাস। প্যান্ডেলে থাকবে প্রায় ৫০টি মডেল, তাতে ষোলো গুলি, কুমিরডাঙা, ইকিরমিকির, স্কিপিং-এর মতো খেলাগুলি ফুটে উঠবে। আর থাকবে ৮০ হাজারের কাছাকাছি গুলি এবং ৪ হাজারের কাছাকাছি কাগজের নৌকো।

পুজোর দিনগুলোয় আবহে বাজবে থিম সং। মণ্ডপ সাজাতে কোনোভাবেই প্লাস্টিকের ব্যবহার করা হবে না। যারা নতুন করে হারিয়ে যাওয়া শৈশবকে আবিষ্কার করতে চান, তারা একবার ঢুঁ মারতেই পারেন পাটুলির শান্তি সংঘের পুজোয়। 

Developed by DXDasia