আলোকসজ্জায় ফুটে উঠবে দুঃসাহসী শঙ্করের নানা অভিযান
বাঙালির সেরা উৎসবে অভিনব স্বীকৃতি জানানো হবে দেশের সাম্প্রতিক মহাকাশ অভিযানকে। চন্দ্রযানের উৎক্ষেপণ এবং অন্যান্য পর্যায়গুলি কলকাতার এক পুজো কমিটি ফুটিয়ে তুলবে আলোকসজ্জার মাধ্যমে। পাশাপাশি থাকবে অ্যানাকোন্ডা সাপ, পাল তোলা নৌকোর চমকে দেওয়া দৃশ্য।
কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারের থিম ‘অভিযান’। চন্দননগরের প্রখ্যাত আলোকশিল্পী বাবু পাল এই থিম রূপায়নের দায়িত্ব নিয়েছেন। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করা বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘কন্যাশ্রী’-কে আলোর মাধ্যমে উপস্থাপিত করে ইতিমধ্যেই প্রশংসা লাভ করেছেন শিল্পী বাবু পাল। তাঁর কাজ এবার মহানগরের বেশ কয়েকটি পুজোতেই দেখা যাবে।
‘অভিযান’ থিমটিতে চারটি পর্ব থাকবে। প্রথম পর্বে তুলে ধরা হবে ‘চন্দ্রাভিযান’। দ্বিতীয় পর্বে থাকবে ‘আমাজন অভিযান’। ‘চাঁদের পাহাড়’ থাকবে পরের পর্বে। বাংলা সাহিত্য ও সিনেমার দুর্ধর্ষ অভিযাত্রী শঙ্করের দু’টি অভিযানের পর শেষ পর্বে ‘স্কুবা ডাইভিং’ থাকবে। সমস্ত আলোর কাজ হবে ‘ক্যাপ এলইডি’ আলোয়।