অভিনব চমক থাকছে তাঁদের থিমে
সারা বছর শহরবাসীর নিরাপত্তায় কঠোর পরিশ্রম করে কলকাতা পুলিশ। পুজোর সময়েও তাঁদের আনন্দ করার অবকাশ নেই। অসাধারণ কর্মদক্ষতায় ভিড় সামলে তাঁরা অগুনতি মানুষকে পুজো উপভোগ করার সুযোগ করে দেন। এবার সেই কলকাতা পুলিশকে সেলাম জানাতে মহানগরের এক পুজো কমিটি চমকপ্রদ মণ্ডপের পরিকল্পনা নিয়েছে।
কৈলাস বসু স্ট্রিটের চালতাবাগান সর্বজনীন প্রত্যেক বছরই তাদের থিমে মানুষকে অবাক করে দেয়। এবারের পুজোয় তাদের থিম ‘এবার পুজোটা ওঁদের জন্য’। কলকাতা পুলিশকের পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, কর্মতৎপরতা ও নিঃস্বার্থ সেবার আদর্শ তুলে ধরা হবে মণ্ডপসজ্জায়। এই ভাবনা রূপায়নের দায়িত্বে রয়েছেন শিল্পী সায়ক রাজ।
থিম ভাবনা সার্থক রূপ দিতে কলকাতার রাস্তায় রাস্তায় পুলিশের ছবি তোলার ব্যবস্থা কছেন শিল্পী। মণ্ডপ সাজাতে ওই ছবিগুলো ব্যবহার করা হবে। এছাড়াও থাকবে কিছু মডেল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, ডগ স্কোয়াড এবং আরও নানান বিভাগের কাজকর্ম ফুটে উঠবে সেই থিমে। দর্শকদের জন্য চালতাবাগান সর্বজনীনের পুজো এবার যে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।