নিছক অভিনেত্রী নন, সাবিত্রী আমাদের আত্মীয়

আজ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ৮২ তম জন্মদিন

বাঙালির অদ্বিতীয় ম্যাটিনি আইডল সাবিত্রী চট্টোপাধ্যায়কে দেখে একসময় রূপোলী পর্দায় মহানায়ক গেয়ে উঠেছিলেন “এবার ম’লে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব”… মান্না দে’র গাওয়া সেই অনবদ্য গানের আবেদনে এবং উত্তম-সাবিত্রীর দুর্দান্ত কেমেস্ট্রি বাংলার দর্শক কি আজও ভুলতে পেরেছে? আজ এই বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসেই জন্মদিন তাঁর। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছিলেন ফিল্ম দুনিয়ায়। তখনও বাংলার ঘরে ঘরে উত্তমকুমার জায়গা করেননি। মঞ্চের শক্তিশালী অভিজ্ঞতা নিয়ে ‘বসু পরিবার’-এ সেই প্রথম উত্তমের সঙ্গে জুটি বাঁধলেন সাবিত্রী। এই জুটি পরবর্তীকালে হই-হই রব তুলে ফেলবে। ‘অবাক পৃথিবী’, ‘ধন্যি মেয়ে’, ‘মৌচাক’ ইত্যাদি ছবিতে কী সাবলীল হয়ে উঠবেন সাবিত্রী। তাঁর অভিনীত চরিত্রেরা যেমন সোহাগ দেখাতেন, তেমনই শাসন করতেন। কারণ সাবিত্রী নায়িকা নন, অভিনেত্রী। বড়োবৌদি আর দাদাকে লুকিয়ে ভাইয়ের জন্য সিগারেট ম্যানেজ করে দেন, এই দৃশ্য কি বাংলা সিনেমার দর্শক আগে কখনও দেখেছে! গলি থেকে রাজপথ, একাই হেঁটে বেরিয়েছেন। দাপটের সঙ্গে।

সাবিত্রী চট্টোপাধ্যায় নিজের অভিনয়গুণে অর্জন করেছেন পদ্মশ্রী, বঙ্গবিভূষণ, সঙ্গীত নাটক আকাদেমি সম্মান৷ উত্তমকুমার তাঁর একটি লেখায় বারবার বলেছেন সাবিত্রীর শক্তিশালী অভিনয়ের কথা। সোচ্চার হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। আসলে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় নিছক একজন রূপোলী পর্দার অভিনেত্রী নন, তিনি আমাদের আত্মীয়। তাই এত কাছের। তাই তাঁর জন্মদিনের বয়স বাড়ে না। এমন দিন বারবার ফিরুক। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।

Developed by DXDasia