মুখ্যমন্ত্রীর ভাবনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি, সংগৃহীত ৫০ লক্ষ টাকা যাবে কলাকুশলীদের তহবিলে

ছবির নাম দেওয়া হয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’

করোনা আতঙ্কে প্রতিমুহূর্তে যখন ভয় গ্রাস করছে, প্রত্যেকে গৃহবন্দি, ভবিষ্যতে কী হবে জানা নেই – এমন পরিস্থিতিতে আশার কথা শোনাচ্ছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাবনা নিয়েই এবার নির্মিত হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ঝড় থেমে যাবে একদিন’। করোনা ভাইরাস নিয়ে মানুষকে আরও বেশি সচেতন করতে নির্মিত হবে এই ছবি। করোনা সংক্রমণ রুখতে স্বেচ্ছা অন্তরিন থাকার সময়ও এই ছবির কাজ চলবে। এভাবেই অস্বীকার করা হবে গৃহবন্দিত্বের যাবতীয় অসহায়তা। শিল্পীরা কাজ করবেন বাড়িতে বসেই।

পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং অরিন্দম শীল। ছবিটি থেকে যে অর্থ সংগৃহীত হবে, তা চলে যাবে সিনেমা-টেলিভিশনের সঙ্গে যুক্ত কলাকুশলীদের তহবিলে। টাকার পরিমাণ আনুমানিক ৫০ লক্ষ। লকডাউন চালু হওয়ার পর বন্ধ হয়ে গেছে তাঁদের কাজ। তাঁদের জন্যই এমন উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ছবির গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সংগীত পরিচালনা করেছেন কবীর সুমন। অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী, মিমি, নুসরত এবং কোয়েল মল্লিক। প্রত্যেকের নিজেদের বাড়ি থেকেই সিনেমার শ্যুট করা হবে। অরিন্দম শীল জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই এই ছবি পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে। প্রযোজনার দায়িত্বে ক্যামেলিয়া গ্রুপ এবং উদ্যোগে হাতে হাত রেখেছেন ফিল্ম ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। 

Developed by DXDasia