আস্ত একটা পাড়াকে আলো-আঁধারির রং-রূপে সাজিয়ে শুরু হল ‘বেহালা আর্ট ফেস্ট ২০২২’

তৃতীয় বর্ষে এই শিল্প-উৎসবের থিম ‘লাইট অ্যান্ড ডার্ক’

উৎসবের শহর কলকাতা (Kolkata)। ভারতের সাংস্কৃতিক রাজধানী। শিল্প এখানে জীবনের উদযাপন। বেহালার (Behala) ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বিগত ৩ বছর যাবৎ তারই প্রতিফলন। অন্যান্য বছরের মতো সাধারণ একটা পাড়াকে রং-রূপে  অসাধারণ করে তুলেছেন শিল্পীরা। বেহালা নূতন সংঘের উদ্যোগে তৃতীয় বছরে পা রাখল ‘বেহালা আর্ট ফেস্ট’ (Behala Art Fest)। এবারের থিম ‘লাইট অ্যান্ড ডার্ক’। খোলা আকাশের নিচে আলো-আঁধারির এই অভিনব এই প্রদর্শনে অংশ নিয়েছেন সনাতন দিন্দা, তিমির ব্রহ্ম, সুব্রত সাহা, রূপক বসু, প্রদীপ্ত কর্মকার, পাঞ্চালি ব্যানার্জি, পল্লব জানা, কৃষাণু পাল, ঈশিতা অধিকারী, দীপ দাস, বিশ্ব বসু, আশিস সাহা, অসীম পাল, বিশ্বনাথ দে, অর্জুন ভট্টাচার্য এবং আরও অনেক বিশিষ্ট শিল্পী। আহ্বায়ক সনাতন দিন্দা। মডেরেটরস সমীন্দ্রনাথ মজুমদার, সৌমিক নন্দী মজুমদার। শিল্প-উৎসব চলবে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি।

যেসব নাড়িয়ে দেওয়া অভিজ্ঞতার সম্মুখীন আমরা বারবার হয়ে চলেছি – যেমন লকডাউন, পরিযায়ী শ্রমিকদের মিছিল, কৃষক আন্দোলন – গত বছর শিল্প উৎসবে সেটাই নতুন মাত্রা নিয়ে ফুঠে উঠেছিল। সমাজের নানা অভিঘাতের সঙ্গে জুড়ে ছিল ব্যক্তিগত অনভূতিও। ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে একাকী মানুষের যন্ত্রণা, নিঃসঙ্গতা যেন ভাষা খুঁজে পেয়েছিল। ইনস্টলেশন আর্টের পাশাপাশি গ্রাফিত্তিও ছিল চোখ ধাঁধানোর মতো। এবারের থিম অনুযায়ী সমাজের আলো-আঁধারির বিভিন্ন দিক ভাষা পাবে শিল্পীদের কাজে। শিল্পী সনাতন দিন্দা নিজের কাজে উদযাপন করেছেন সত্যজিৎ রায়ের শতবর্ষ। এছাড়াও এবারের উৎসবের একটি বিশেষ আকর্ষণ থাকছে।

টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বেহালা আর্ট ফেস্ট। বেহালার ‘বাগানবাড়ি’, অতি সাধারণ খেটে খাওয়া মানুষদের জনবসতি। সেখানকার লোনা ধরা বিবর্ণ দেওয়ালগুলি রঙে-রেখায় আলোকিত হয়ে উঠেছে তাদের যৌথ প্রয়াসে। শুধু দেওয়াল নয়, সেখানকার খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনেও নতুন রঙের পরশ লেগেছে। হাসি হাসি মুখ করে তাঁরা বলছেন, ‘গাঁটছড়া ও বেহালা আর্ট ফেস্ট-এর এই অভিনব উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। বাইরের কেউ হঠাৎ এ পাড়ায় এলে চিনতেই পারবেন না এখন। খুব ভালো লাগছে।’

Developed by DXDasia