
প্রভাতী, নগরকীর্তন, মুর্শিদি, পাল্লাগানে ভরপুর দুই দিন
বাংলার সনাতন বাউল-ফকিরি গানকে, তার দর্শন এবং জীবনচর্যাকে যাঁরা ভালোবাসেন, সেই ভাবধারা নিয়েই যাঁরা বেঁচে থাকেন, সেরকমই কিছু মানুষ গত বছর ২০১৭ সালে একটা আবেগকে সামনে রেখে সম্মিলিত হয়েছিলেন। তাঁদের লক্ষ্য ছিল বাউল-ফকিরি গান নিয়ে বছরের বিভিন্ন সময় একটু আনন্দের আয়োজন করা। সেই আবেগটারই পরবর্তীকালে নাম হয়েছে ‘মাতান’। বাণিজ্যিক পাদপ্রদীপ থেকে দূরে যে সব বাউল ফকির শিল্পীরা সাধকের জীবন যাপন করেন, সেই মানুষগুলোকে নিয়ে এসে, যাতে তাঁদের হাতে একটু অর্থ তুলে দেওয়া যায়, তাঁরা যাতে আরও দুটো দিন আরও ভালো কাটাতে পারেন, সেরকম চিন্তাভাবনা থেকেই ‘মাতান’-এর পথ চলা শুরু হয়েছিল। এর জন্য উদ্যোক্তারা সাধারণ মানুষের থেকে ভিক্ষে করতে পথেও নেমেছেন। ‘মাতান’ কখনই কোনো রাজনৈতিক দল বা বিশেষ কোনো প্রতিপত্তিশালী মানুষের সাহায্য নিয়ে মুনাফা করার চেষ্টা করেনি। কারো সঙ্গে প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছেও তাদের নেই। বরং যতটা সৎভাবে পারা যায়, ‘মাতান’ সেভাবেই বাউল ফকির সম্মেলনের আয়োজন করে এসেছে।

গত ১৫ এবং ১৬ ডিসেম্বর ছিল ‘মাতান’-এর বার্ষিক উৎসব। গড়িয়া থেকে একটু ভেতরে বোড়াল পার্লামেন্ট ক্লাবের মাঠে ছিল আয়োজন। এই বাংলার যে সব বাউল ফকির সাধকরা গান-বাজনা করেন, তাঁদের একটা বড়ো অংশ তো ছিলেনই, ওপার বাংলা থেকেও এসেছিলেন কেউ কেউ। আসর শুরু হয়েছিল ১৫ তারিখ বিকেল থেকে। অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলেছিল। অন্য সব বাজারি আসরের মতো বহু শিল্পী এসে একটা দুটো গান গেয়ে নেমে গেলেন, ব্যাপারটা এরকম ছিল না। প্রত্যেকে যাতে অন্তত আধঘন্টা থেকে ৪০মিনিট মতো গাইতে পারেন, সেরকমই ছিল ব্যবস্থা। ১৬ তারিখ রবিবার ভোরবেলায় ছিল প্রভাতী এবং নগরসংকীর্তন। অর্থাৎ পায়ে হেঁঠে গান গেয়ে সমস্ত অঞ্চলে আনন্দের রেশ ছড়িয়ে দেওয়া। তারপর সকাল ৮টা থেকে গোষ্ঠগান। মুর্শিদি গান হল একটু বেলা পড়লে। বিকেলে ছিল পাল্লাগান। গানের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে এক ধরনের প্রশ্ন-উত্তর পর্বই হল পাল্লাগান। এখানে গুরু আর শিষ্যের কথোপকথন একটা গুরুত্বপূর্ণ উপাদান। সন্ধে থেকে আবার শনিবারের মতোই একের পর এক শিল্পীর একক গান শুরু হল। চলল অনেক রাত পর্যন্ত। গোটা অনুষ্ঠানেই যাতে একটা শুদ্ধতার পরিবেশ বজায় থাকে, তার প্রতি খুব সচেতন ছিলেন উদ্যোক্তারা। এই দুদিন কোনোভাবেই যেন কেউ অনুষ্ঠান চত্বরে নেশাভাং না করে, সেদিকেও সতর্ক দৃষ্টি ছিল।

অনুষ্ঠানের অর্থ সংগ্রহের জন্য ছিল কিছু আশ্চর্য পন্থা। দুদিনের অনুষ্ঠান চত্বরে বিজ্ঞাপন এবং স্টলের ব্যবস্থা তো ছিলই। তার পাশাপাশি উদ্যোক্তারা সরাসরি হাত পেতে ভিক্ষে সংগ্রহ করেছেন আশেপাশের চেনাপরিচিত মানুষদের থেকে। মাধুকরী বাক্স নিয়ে গান গেয়েছেন রাস্তায় দাঁড়িয়ে। বাউল ফকিররা যেভাবে মাধুকরী করেন, তাঁদের দেখানো পথেই এরা অর্থ সংগ্রহ করেছেন নন্দন চত্বরে, আকাদেমি চত্বরে, কলেজ স্কোয়ারে, ঢাকুরিয়া মোড়ে মধুসূদন মঞ্চের সামনে ফুটপাতে। এমনকি গত ১ ডিসেম্বর ‘মাতান’এর কিছু শুভানুধ্যায়ী বন্ধু শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে একইভাবে মাধুকরী করে অর্থ পাঠিয়েছেন অনুষ্ঠানের জন্য। বাউল ফকিরদের কল্যাণের জন্য ‘মাতান’ সব সময়েই চেষ্টা করে নানাভাবে তাঁদের পাশে দাঁড়াতে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে। ‘মাতান’-এর কাছে খব আসে, তারাপীঠের কানাইদাস বাউল গুরুতর অসুস্থ। অন্ধ হয়েও পৃথিবীর বহু জায়গায় গান করেছেনএই সাধক। এখন তাঁর টিবির থার্ড স্টেজ। প্রায় হাজার পাঁচেক টাকা এবং সাধ্যমতো হরলিক্স, বিস্কুট, ফল তাঁর কাছে পৌঁছে দেন ‘মাতান’-এর সদস্যরা। বাউল ফকিরদের সেবা করে তাঁরা এমন একধরনের আনন্দ পান, যার টানে বাংলার সাধক পরম্পরার জন্য অসাধ্য সাধন করে চলেছে ‘মাতান’ নামের এই সংগঠনটি।

