‘সংস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য পেয়েছেন সেরার স্বীকৃতি
গত শনিবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় চলচ্চিত্র জগতে ইতিহাস তৈরি করেছেন পুরুলিয়া-কন্যা অনুপর্ণা রায় (Anuparna Roy)। নিজের লেখা ও পরিচালিত ছবিতে এমনভাবে তুলে ধরেছেন মেয়েদের নিঃশব্দ জীবনসংগ্রাম, যা দেখে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন তাবড় তাবড় চলচ্চিত্রবেত্তা। সংস অফ ফরগটেন ট্রিজ (SONGS OF FORGOTTEN TREES)-এর জন্য, ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘অরিজন্টি’ (Orizzonti) বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করে নিয়েছেন অনুপর্ণা। ভেনিসের Orizzonti, কান-এর Un Certain Regard ও বার্লিনের Encounters বিভাগের সমতুল্য। এগুলি মূল প্রতিযোগিতার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। যে কারণে বলা যায়, গত কয়েক দশকে একজন বাঙালি পরিচালকের পাওয়া সবচেয়ে বড়ো আন্তর্জাতিক স্বীকৃতি এটি।
ধন্যবাদ জানিয়ে অনুপর্ণা বলছিলেন এই সম্মান তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং নিঃশব্দে লড়াই করা সব নারীর প্রতি শ্রদ্ধা। বলেন, “আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি।” শুধু তাই নয়, ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে তিনি বলেছেন, প্রত্যেক শিশুর শান্তি ও স্বাধীনতার অধিকার রয়েছে। প্যালেস্টাইনও এর ব্যতিক্রম নয়।
নাজ শেখ ও সুমি বাঘেল অভিনীত, মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার গল্প বলা এই ছবির জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসায় ভাসছেন অনুপর্ণা। গত দুদিন আগে, চওড়া লালপেড়ে শাড়ি পরে বিজয়ীর হাসি নিয়ে যখন মঞ্চে উঠছিলেন, তাঁর চোখ ছিল জলে ভরা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডকরনো। প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং, পরিবেশক অনুরাগ কাশ্যপ, ডিওপি দেবজিৎ সামন্ত-সহ অন্যান্য কলাকুশলীকে ধন্যবাদ জানিয়ে অনুপর্ণা বলছিলেন এই সম্মান তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং নিঃশব্দে লড়াই করা সব নারীর প্রতি শ্রদ্ধা। বলেন, “আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি।” শুধু তাই নয়, ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে তিনি বলেছেন, প্রত্যেক শিশুর শান্তি ও স্বাধীনতার অধিকার রয়েছে। প্যালেস্টাইনও এর ব্যতিক্রম নয়।

সংস অফ ফরগটেন ট্রিজ
প্রসঙ্গত, এবার সেরা ছবির জন্য গোল্ডেন লায়ন পুরস্কার পেয়েছে জিম জারমুস পরিচালিত ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। সেরা পরিচালক হিসেবে সিলভার লায়ন পুরস্কার পেয়েছেন বেনি সাফদি। সিল্ভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ‘দ্য ভয়েস অফ হিন্দ রাজাব’। গাজার পটভূমিতে নির্মিত এই ছবিটি ভেনিসে দেখানোর পর, উঠে দাঁড়িয়ে ২২ মিনিট হাততালি দেন দর্শকরা। এছাড়াও, অরিজন্টি বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে ডেভিড পাবলোস পরিচালিত ‘এন এল ক্যামিনো’।