ভারতীয় ভাষাগুলির প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে শুভ্রজিৎ মিত্রের এই ছবি
২০২০ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) ২৬ বছরে পদার্পণ করার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সম্পূর্ণ উৎসব বাতিল ঘোষণা করা হয়েছে। একথা আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ট্যুইট করে জানিয়েছেন। ইতিমধ্যেই কিফের ওয়েবসাইটে তালিকা প্রকাশিত হয়েছে অফিসিয়াল সিলেকশন ছবিগুলির।
ফিল্ম সিলেকশন কমিটি বেছে নিয়েছে বাংলা ছবি ‘অভিযাত্রিক’-কে। ভারতীয় ভাষাগুলির প্রতিযোগিতা বিভাগে (Competition on Indian Language’s Films) এবার পরিচালক শুভ্রজিৎ মিত্রের এই ছবিটি প্রতিযোগী ছবিগুলির মধ্যে অন্যতম।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হয়েছে শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’। সত্যজিৎ রায় অপু ট্রিলজি শেষ করেছিলেন ১৯৫৯ সালে ‘অপুর সংসার’-এর মধ্যে দিয়ে। ঠিক সেখান থেকেই শুরু হবে অভিযাত্রিক। এই ছবির হাত ধরেই প্রায় ষাট বছর পর বাঙালি দর্শক ফিরে পেতে চলেছেন অপুকে। কালজয়ী এই চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।

পুরো ছবিটিই সাদা-কালো। সত্যজিৎ রায় ৬০ বছর আগে তৈরি করেছিলেন ‘অপুর সংসার’। বিশ্বের দর্শক পেয়েছিল নতুন জুটি সৌমিত্র-শর্মিলাকে। অভিযাত্রিকে অপু-অপর্ণা হচ্ছেন অর্জুন-দিতিপ্রিয়া। সদ্য বিয়ে হয়ে আসা অপর্ণা স্বামীর সিগারেটের প্যাকেটে লিখে দিচ্ছে, ‘খাবার পরে, একটা করে। কথা দিয়েছ!'’ এমন সম্পর্কের ম্যাজিক ভোলা সম্ভব নয়। সেই ম্যাজিক দেখতে কলকাতা চলচ্চিত্র উৎসবে পৌঁছে যাবেন একাধিক দর্শক। মধুর ভান্ডারকর এবং গৌরাঙ্গ জালান নিবেদিত এই ছবিটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র।
প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ৮ জানুয়ারি ২০২১। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
