‘ওয়ার্ল্ড হেরিটেজ উইক’ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়েছে
শুরু হল ‘ওয়ার্ল্ড হেরিটেজ উইক’ বা বিশ্ব ঐতিহ্যবাহী নির্মাণসৌধ সপ্তাহ। আত্মবিস্মৃত বাঙালি হয়তো জানেও না, কলকাতার বুকে ছড়িয়ে আছে শতাব্দী প্রাচীন বহু ঐতিহ্যপূর্ণ সৌধ। যেগুলি ইউনেস্কো পরিচালিত আন্তর্জাতিক ঐতিহ্য কমিটি কর্তৃক হেরিটেজ তকমাপ্রাপ্ত। প্রতিনিয়ত সেইসব সৌধগুলির পাশ কাটিয়ে চলে গেলেও উদাসীন বাঙালির জানা থাকে না তার ইতিহাস। এবার ‘ওয়ার্ল্ড হেরিটেজ উইক’ উপলক্ষ্যে এই সমস্ত এবং আরও অনেক কিছু নিয়ে ‘দ্য সিটি অ্যাজ মিউজিয়াম’ নামে ১০ দিনব্যাপী বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজন করেছে ‘ঘরে বাইরে’ সংগ্রহশালার তত্ত্বাবধায়ক দাগ (DAG)।
প্রসঙ্গত, ‘ঘরে বাইরে’, কলকাতার একটি জনপ্রিয় মিউজিয়াম, যা দুই শতাব্দী যাবৎ বাংলার বিভিন্ন শিল্পীদের সৃষ্টি ৬০০-র বেশি চিত্র ও শিল্পের প্রদর্শনী আগার। ডালহৌসির এই বাড়িটিই ছিল পুরোনো মুদ্রা ভবন। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব কলকাতাকে নতুন আলোয় অনুভব করতে সাহায্য করবে। ‘দ্য সিটি অ্যাজ এ মিউজিয়াম’ শিরোনামের এই ইভেন্টে গঙ্গার দুই ধারের ঐতিহ্যবাহী শিল্পকর্ম, পানিহাটি (পানিহাটিতে নদী তীরবর্তী হেরিটেজ হোম) পরিদর্শন থেকে শুরু করে ডালহৌসি স্কয়ার (বা বিবিডি বাগ), চিৎপুর রোডের স্টুডিও, ছাপাখানা, মেটিয়াবুরুজের আওয়াধ রাজত্বের অবশিষ্টাংশের মধ্যে দিয়ে হাঁটার সুযোগ থাকবে। থাকবে ভারতীয় জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সহযোগিতায় আয়োজিত কর্মশালা।
জানা যাবে এই শহরের পরিচিত এবং অপরিচিত জায়গার নতুন গল্প। কলকাতার ঐতিহাসিক স্থান জুড়ে অনুষ্ঠিত এই উৎসবে থাকবে ইউরোপীয় চিত্রশিল্পীদের কাজকর্ম দেখার সুযোগ, গঙ্গার তীরে আয়োজিত হবে সঙ্গীত সন্ধ্যা, কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখার সুযোগ থাকবে, থাকবে শ্রীকান্ত আচার্যের মতো শিল্পীর সঙ্গে সূর্যাস্তের কনসার্ট আর ফেরি যাত্রার সুযোগ। অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ইন্ডিয়ান মিউজজিয়াম ফিরে দেখা এবং শিল্পী স্বরূপ দত্ত আর মিউজিয়ামের শিল্প বিভাগের প্রধান অর্ণব বসুর মুঘল মিনিয়েচার, ভিজ্যুয়াল ভাষার বিবর্তন-সন্ধান।